১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চোরাকারবারী ঠেকাতে 'দেশ': পুলিশের দেশপ্রেমের গল্পে নিরব

‘দেশ’ মুক্তি পাবে আগামী বছরে।

চোরাকারবারী ঠেকাতে 'দেশ': পুলিশের দেশপ্রেমের গল্পে নিরব
'দেশ' সিনেমার পোস্টার ও নিরব হোসেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 10:51 AM

Updated : 26 Aug 2026, 01:33 PM

চোরাকারবারী বন্ধে একজন পুলিশ অফিসারের কর্তব্যবোধ এবং দেশপ্রেমের গল্প নিয়ে একটি সিনেমা বানানো হচ্ছে।

‘দেশ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। এরিমধ্যে নির্মাতা সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শক করছেন একজন পুলিশ কর্মকর্তা।

'দেশ' সিনেমা নিয়ে ফুয়াদ গ্লিটজকে বলেন, "জুলাই অভ্যুত্থান দিবস ঘিরে সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করা হয়েছে। সিনেমাটি কমার্শিয়াল পুলিশি অ্যাকশন সিনেমা।”

সিনেমার শুটিং ৫ অগাস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও, শিডিউল জটিলতায় কাজটি খানিকটা পিছিয়ে গেছে।  তবে শিগগিরই শুটিং চালু হবে বলে আশা করছেন ফুয়াদ।    

সিনেমার গল্প নিয়ে এই পরিচালক বলেন, "একজন পুলিশ অফিসারকে কেন্দ্র করে এগোবে গল্প। তার নাম দেশ। চোরাকারবারী বন্ধ করতে এক চক্রের পিছনে ছুটবেন তিনি। দেশের প্রতি তার ভালোবাসার গল্পই দেখা যাবে দেশ সিনেমায়।”

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব হোসেন। যিনি পুলিশ কর্মকর্তা ‘দেশ’ হয়ে পর্দায় ধরা দেবেন।  

পরিচালক জানিয়েছেন, গেল বছর থেকে সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরের ১৬ ডিসেম্বর সিনেমার ফাস্টলুক পোস্টার প্রকাশ করার এবং আগামী বছরের শুরুতে মুক্তির পরিকল্পনা নিয়ে তিনি কাজ করছেন।  

দেশের সীমান্ত এলাকায় সিনেমার শুটিং হবে বলে পরিকল্পনা নিয়েছে সিনেমার টিম।   

সিনেমার সংলাপ ও চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। কেএইচএফ প্রোডাকশন থেকে নির্মিত হচ্ছে সিনেমাটি।