Published : 05 Jun 2026, 10:12 PM
‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার পর এবার নতুন সিনেমায় এক হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান ও পরিচালক হিমেল আশরাফ।
এই কাজের ইঙ্গিত মিলেছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি পোস্ট থেকে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনি কদিন আগে ফেইসবুকে একটি ছবি প্রকাশ করেন। সেখানে তার সঙ্গে দেখা যায় শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং নির্মাতা হিমেল আশরাফকে।
ওই ছবির ক্যাপশনে মহেন্দ্র সোনি লিখেছেন, “শুরু হোক আবার”।
তবে সিনেমা নিয়ে নির্মাতা এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছেন না।
আশরাফ গ্লিটজকে বলেন, "আমাদের সিনেমার শুধু গল্প চূড়ান্ত হয়েছে, আর কোনো কিছুই এখনই সামনে নিয়ে আসার সময় হয়নি।
বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাসে আমরা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিস্তারিত জানতে পারব।"
চিত্রনাট্য নিয়ে হিমেল বলেন, "এটি মূলত রোমান্টিক প্রেমের গল্পনির্ভর পারিবারিক একটি সিনেমা হবে। মানুষকে এক ভালোবাসার গল্প দেখাবে।"

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ দিয়ে আলোচনায় আসেন হিমেল আশরাফ। সিনেমাটি বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি দর্শকপ্রিয়তাও পায়। পরে ‘রাজকুমার’ নিয়ে হাজির হন তিনি। কিন্তু সিনেমাটি তেমন দর্শক টানতে পারেনি।
শাকিব-হিমেল জুটির আগের দুইটি সিনেমা নির্মিত হয়েছিল ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে।