১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোনালের কণ্ঠে ‘ও জান’, জুটি সুনেরাহ-রেহান

সম্প্রতি নেপালের মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে, যেটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

কোনালের কণ্ঠে ‘ও জান’, জুটি সুনেরাহ-রেহান
গানের দৃশ্যে সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ রেহান। ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 04:17 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

সংগীতশিল্পী কোনালের কণ্ঠে শোনা যাবে নতুন গান ‘ও জান’। প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল গানটি মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশ করবে। গানটিতে কোনালের সহশিল্পী ডি রকস্টারখ্যাত নিলয়।

গানটি লিখেছেন আসিফ ইকবাল। গানটি যৌথভাবে সুর করেছেন আভ্রাল সাহির (ঢাকা) ও লিংকন (কলকাতা)। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির।

সম্প্রতি নেপালের মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে, যেটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। মিউজিক্যাল ফিল্মে মডেল হয়েছেন সুনেরাহ বিনতে কামাল, আছেন অভিনেতা ফররুখ রেহানও। এতে প্রথমবারের জুটি বেঁধেছেন তারা। 

গানচিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম শোনায় গানটির প্রেমে পড়ে যাবেন শ্রোতারা। এত সুন্দর একটি রোমান্টিক গান, তাই ভিজ্যুয়ালের ক্ষেত্রেও কোনো আপস করা হয়নি। নেপালে কনকনে ঠাণ্ডার মধ্যে ‘ও জান’ গানের শুটিং হয়েছে। এটি বছরের সেরা রোমান্টিক গান হতে যাচ্ছে এমনটাই প্রত্যাশা রাখছে প্রতিষ্ঠানটি। 

গানটির গীতিকার আসিফ ইকবাল বলেন, “এর আগে কোনালের গাওয়া ‘ময়না’ গান দর্শক বেশ সুন্দরভাগে গ্রহণ করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় আমরা ‘ও জান’ গানটি নিয়ে আসছি। এটি একেবারে পিওর রোমান্টিক গান। গানের কথা, গায়কী, সুর, সংগীত আয়োজন ও ভিডিও- সবকিছুতেই নতুন সংযোজন থাকবে।” 

কোনালের গাওয়া ‘ও জান’ প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ‘বাংলা অরিজিনালস’ এর দ্বিতীয় গান। শিগগিরই প্রচারে আসবে গানটি।