১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিফাত তাহসিন ফিরলেন ঈদের নাটকে ইয়াশ-তটিনীর সঙ্গে

তাহসিন বলেন, “এত দিন পর কাজ করে মনে হল পিকনিকের মেজাজে ছিলাম।”

সিফাত তাহসিন ফিরলেন ঈদের নাটকে ইয়াশ-তটিনীর সঙ্গে
‘অগ্নিশিখা’ নাটকের দৃশ্যে তানজিম সাইয়ারা তটিনী, সিফাত তাহসিন ও ইয়াশ রোহান , ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2025, 11:17 AM

Updated : 10 Sep 2026, 12:36 PM

লাক্স-চ্যানেল আই তারকা সিফাত তাহসিন প্রায় সাত বছর পর দেশে ফিরে একটি নাটকে অভিনয় করেছেন।

নাটকের নাম ‘অগ্নিশিখা’; এতে তাহসিনের সঙ্গে দেখা যাবে দুই সহশিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীকে।

 ‘অগ্নিশিখা’ নাটকটি পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

প্রযোজনা প্রতিষ্ঠান বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারে ঈদ উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হবে অগ্নিশিখা নাটক।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয় সিফাত তাহসিনের। সেরা পাঁচে ছিলেন তিনি। প্রতিযোগিতার পর নিয়মিত অভিনয় করেছেন টিভি নাটকে।

তবে ২০১৮ সালে বিয়ে করে বিদেশে পাড়ি জমান তাহসিন। এরই সঙ্গে শেষ হয় দেশের টিভি নাটকে তার পথচলা।

স্বামী ও চার বছরের কন্যাসন্তান নিয়ে কানাডার টরন্টোতে থাকেন সিফাত তাহসিন। গত জানুয়ারি মাসে নিউ ইয়র্কে একটি নাটকের শুটিং করেছিলেন। এবার দেশে ফিরে অভিনয় করলেন ঈদের নাটকে।

তাহসিন বলেন, “আমাদের শুরুর সময় শুটিং হত একভাবে। এত দিন পর কাজ করে মনে হল পিকনিকের মেজাজে ছিলাম! পুরান ঢাকার মত অতি জনাকীর্ণ জায়গায় কাজ করলেও সেই আবহ টের পাইনি!”

‘অগ্নিশিখার’ গল্প এবং সহশিল্পীদের প্রশংসা করে তাহসিন বলেন, “সহশিল্পীরাও বেশ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে মনের মত একটি কাজ করেছি।"

নাটকটি নিয়ে নির্মাতা রানা বলেন, "এটি একটি ভালোবাসার গল্প। শুধু প্রেমিক-প্রেমিকা নয়; ভাইবোন, মা-বাবা, আত্মীয়স্বজনসহ সবার সঙ্গে ভালোবাসার বন্ধন মানুষকে ইতিবাচক রাখে। আমার এই গল্পের মূল বক্তব্য হল, যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসার মানুষের বিপক্ষে যাওয়া উচিত নয়।"

‘অগ্নিশিখা’ নাটকের দৃশ্যে তানজিম সাইয়ারা তটিনী ও ইয়াশ রোহান , ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে।

‘অগ্নিশিখা’ নাটকের দৃশ্যে তানজিম সাইয়ারা তটিনী ও ইয়াশ রোহান ,

এতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, ফখরুল বাশার, মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, এম এন ইউ রাজুসহ অনেকে।

 পুরান ঢাকার সূত্রাপুর ও বুড়িগঙ্গায় হয়েছে নাটকের শুটিং।