Published : 05 Aug 2026, 10:14 PM
কলকাতার রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চ ছাড়ার পর সাবেক ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য যারা হা হুতাশ করছিলেন, তাদের জন্য সুখবর।
সৌরভের দেখা মিলবে ফের; এবার ‘বিগ বস’ এর ঘর সামলাবেন তিনি।
সংবাদমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, প্রকাশ্যে এসেছে ‘বিগ বস’ এর টিজার।
টিজারের ভিডিওতে সৌরভকে বলতে শোনা যাচ্ছে, “একটা সময় ছিল যখন সারা দুনিয়া বাঙালি বলতেই বুঝত একটা জাতি যারা নির্ভয়, লড়াকু। এমন কোনও পুরস্কার বা প্রতিযোগিতা নেই, যেটা বাঙালি জিততে পারেনি। প্রতিযোগিতা আমাদের দুর্বল করে না। আমাদের তৈরি করে।
“এ বার আবারও বাঙালির গর্জে ওঠার পালা। বাঙালি দেখাবে দিনবদলের খেলা। আর নতুন বাঙালির এই লড়াই দুর্গ জেতার জন্য। কারণ, দুর্গ জয় সহজ নয়। এখানে ঢোকা যত কঠিন, টিকে থাকা আরও শক্ত। আর জেতা? সেটা জানতে দেখুন এ বারের বাংলা বিগ বস।”
‘বিগ বস’ প্রচার হবে পশ্চিমঙ্গের বেসরকারি টেলিভিশন স্টেশন স্টার জলসায়। তবে প্রচারের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
‘বিগ বস’-এর ঘরের সম্ভাব্য প্রতিযোগী কারা, কাদের কাছেই বা গিয়েছে প্রস্তাব, তা নিয়ে চর্চা কম নয়। একাধিক নাম শোনা গেলও স্টার জলসা কর্তৃপক্ষ কারো নামই এখনো সামনে আনেনি।
তবে কেবল 'বিগ বস বাংলা’ নয়, পশ্চিমঙ্গের বেসরকারি টেলিভিশন স্টেশন স্টার জলসার আরও একটি কুইজ শোয়ের সঞ্চালনা করবেন তিনি।
কিছুদিন আগে ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এই খবর জানিয়েছেন সৌরভ।
তিনি বলেন, "শোয়ের জন্য স্টারকে প্রায় ৩৪ দিন সময় দিতে হয়েছে। তার মধ্যে ১৫ দিন 'বিগ বস'-এর শুটিং এবং ১৭ দিন নতুন কুইজ শো-এর জন্য। খুব সম্প্রতি আন্তর্জাতিক স্তরে শো-টি লঞ্চ হয়েছে। এবার তার বাংলা সংস্করণ নিয়ে আসছে স্টার জলসা, আর সেটির সঞ্চালনার দায়িত্বে থাকব আমি।"
যদিও কুইজ শোয়ের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
ক্রিকেট মাঠে অধিনায়ক হিসেবে যেমন সৌরভ নিজের ছাপ রেখে গিয়েছেন, তেমনই টেলিভিশনের মঞ্চেও সঞ্চালক হিসেবে তৈরি করেছেন আলাদা পরিচিতি। দেড় দশকের বেশি সময় ধরে 'দাদাগিরি'তে সাফল্য দেখিয়েছেন তিনি।
এবার তার নতুন ইনিংস দেখার অপেক্ষায় আছে দর্শকরা।