৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বড়দের নিয়ে শিশুশিল্পী মেঘার গান ‘অবিশ্বাসের দেশে’

এক নির্ঝরের গান প্রজেক্ট থেকে গানটি প্রচার হয়েছে গানশালা ইকেএনসি ইউটিউব চ্যানেলে।

বড়দের নিয়ে শিশুশিল্পী মেঘার গান ‘অবিশ্বাসের দেশে’
শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। ছবি: এনামুল করিম নির্ঝরের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 10:44 AM

Updated : 10 Sep 2026, 12:47 PM

ছোটদের পক্ষ থেকে বড়দের জন্য পরামর্শ আর প্রশ্ন ছুড়ে দিয়ে তৈরি হয়েছে নতুন গান ‘অবিশ্বাসের দেশে’। গানটিতে কণ্ঠ দিয়েছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা।

‘এক নির্ঝরের গান’ প্রজেক্ট থেকে গানটি প্রচার হয়েছে ‘গানশালা ইকেএনসি’ ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। সংগীতায়োজন করেছেন অটমনাল মুন।   

গানটির ভিডিও নির্মাণ করেছেন মুজাহিদ মিজাব। ভিডিওতে মৃন্ময়ী মেঘাকেই কেন্দ্রীয় চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে।

 ‘ফাঁকা কলস বাজছে যখন এলোমেলো সুরে

আবোলতাবোল যা ইচ্ছা তাই শুনছি ঘুরে ঘুরে

ইতিহাসের নাকের ডগায় পাহারাদার বসে

ঘুমের ঘোরে সারাটা দিন কপালটাকে ঘষে, অবিশ্বাসের দেশে’

 এমন কথার গানের মাধ্যমে বড়দের সমাজ ও আচরণ শিশুমনের চোখে কেমন প্রভাব ফেলে তা দেখানোর চেষ্টা করেছেন নির্ঝর।

বিজ্ঞপ্তিতে গানটি তৈরির গল্প জানিয়ে নির্ঝর বলেন, “সময়টা এমন, কার কথা কে শুনবে, বোঝা কঠিন। আমাদের অন্যায়-অনিয়মগুলো বাচ্চারা অনেকটাই বোঝে; কিন্তু তারা তো আর সেগুলো ধরিয়ে দিতে পারে না। 

“সেখান থেকেই মনে হল, বড়দের নিয়ে যদি বাচ্চারা গান করে, তাহলে হয়ত সবার কানে পৌঁছাতে পারে। তাতে যদি আমাদের একটু হুঁশ ফেরে। এতে হয়ত খুব বেশি কিছু বদলাবে না, তবু চেষ্টা করে যাওয়াটাই জরুরি। সে চেষ্টার ফল হিসেবেই এ গান।”

গানটি গেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মৃন্ময়ী মেঘা বলেছে, “নির্ঝর আংকেলের কথা-সুরে আর মুন আংকেলের সংগীতে এটা আমার দ্বিতীয় গান। এবারের গানটিও গেয়ে আমার খুব ভালো লেগেছে। ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আরও সুন্দর গান গাইতে পারি।” 

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান প্রকাশ পায় ২০২৪ সালে। গানটির নাম ছিল ‘ভূতের রাজা দিলো বর’।

২০২৫ সালে এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে প্রকাশ হয় তার দ্বিতীয় গান ‘হাউ মাউ খাউ’। এবার প্রকাশ পেল তৃতীয় মৌলিক গান ‘অবিশ্বাসের দেশে’।