Published : 10 Mar 2026, 09:39 PM
কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন, খুরশিদ আলম, রফিকুল আলমসহ একগুচ্ছ সংগীতশিল্পীদের নিয়ে শুরু হতে যাচ্ছে লোকসংগীতের অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’।
চ্যানেল আইয়ে প্রচার হবে এই অনুষ্ঠানটি। যেখানে পুরাতন ও নতুন শিল্পীদের সমন্বয় থাকবে। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, অনুষ্ঠানটি চ্যানেল আইতে মোট ২৩ পর্বে প্রচার হবে।
সাবিনা ইয়াসমিন তার পর্বের গানের রেকর্ডিং করেছেন চ্যানেল আই স্টুডিওতে। তিনি পাঁচটি লোকগানে কণ্ঠ দিয়েছেন।
অনুষ্ঠানটি নিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, "পল্লীগীতি, লোকসংগীত তো আমাদের সবার প্রাণের গান। এর আগে কখনও একটা অনুষ্ঠানে এতগুলো ফোক গান কখনই গাওয়া হয়নি। পাঁচটি গান করেছি। সবগুলো গান গাওয়ার সময় ভীষণ উপভোগ করেছি।"
সাবিনা ইয়াসমিন ছাড়াও এই অনুষ্ঠানে আরও যেসব শিল্পীরা গান গেয়েছেন তারা হলেন রফিকুল আলম, খুরশিদ আলম, কনকচাঁপা, ফেরদৌস আরা, সালমা, সানিয়া সুলতানা লিজা, জিনিয়া জাফরিন লুইপা, সাগর দেওয়ান, আলেয়া বয়াতি, আক্কাস দেওয়ান, কাজল দেওয়ান, ঝিলিক, মুক্তা সরকার, পারভেজ, আশিক, আকাশ মাহমুদ, নকুল কুমার বিশ্বাসসহ অনেকে।
শিগগিরই প্রচার হবে ‘আই ফোক ফিভার’; অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইফতেখার মুনিম আহসান, পরিকল্পনা করেছেন জাহাঙ্গীর সাঈদ।