১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কে-পপ সংস্কৃতিতে আমরা প্রেম করতে পারি না: ‘ব্ল্যাকপিংকের’ লিসা

কয়েকবার প্রেমে পড়লেও প্রতিবারই সম্পর্ক গোপন রাখতে হয়েছে লিসাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 12:34 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

ক্যারিয়ারের শুরুতে নিজের মতামত প্রকাশ করতেও ভয় পেতেন, এমনকি প্রেমের সম্পর্কও রাখতে হয়েছে গোপনে।

নিজের একক প্রামাণ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’-তে এ কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল ব্ল্যাকপিংকের সদস্য লিসা।

দ্য কোরিয়া টাইমস লিখেছে, ২৯ বছর বছর বয়সি লিসা মূলত দলের নৃত্যশিল্পী। তার জন্ম থাইল্যান্ডের; আসল নাম লালিসা মনোবাল। ১৪ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় যান লিসা। প্রশিক্ষণ নিতে যোগ দেন ওয়াইজি এন্টারটেইনমেন্টে। 

সেই সময়ের কথা মনে করে লিসা বলেন, মুখ খুলতে বা নিজের ভাবনা প্রকাশ করতে সাহস পেতেন না তিনি। প্রশিক্ষণের সময় প্রতি মাসে নিজের পারফরম্যান্সের ভিডিও তৈরি করে কর্মকর্তাদের কাছে জমা দিতে হত লিসাকে। 

কে-পপ তারকাদের ব্যক্তিজীবনের নানা বিধিনিষেধের কথাও তুলে ধরনে লিসা। বিশেষ করে প্রেমের সম্পর্ক নিয়ে তার অভিজ্ঞতা সহজ ছিল না। 

লিসার কথায়, ‘কে-পপ সংস্কৃতিতে আমরা প্রেম করতে পারি না।’

কয়েকবার প্রেমে পড়লেও কিন্তু প্রতিবারই সম্পর্ক গোপন রাখতে হয়েছে লিসাকে। কারণ, তার প্রেমের সম্পর্ক যেন ব্ল্যাকপিংকের জনপ্রিয়তায় কোনো প্রভাব না ফেলে, সেদিকে লক্ষ্য রাখতে হয়েছে।

লিসার প্রথম একক স্টুডিও অ্যালবাম ‘অল্টার ইগো’ প্রকাশিত হয় গত বছর। অ্যালবামের গানেও উঠে এসেছে তার ব্যক্তিগত জীবনের গল্প। 

লিসা জানিয়েছেন অ্যালবামের ‘ড্রিম’ গানটি প্রকাশের আগে সাবেক প্রেমিকের অনুমতিও নিয়েছিলেন লিসা। তিনি অনুমতি দিয়েছিলেন একটি শর্তে—তার পরিচয় যেন ভক্তদের সামনে প্রকাশ না করা হয়। কারণ ওই গানটি তৈরি হয়েছিল লিসা ও তার প্রেমিকের ব্যক্তিগত অনুভূতি নিয়ে। 

এদিকে থাই অভিনেতা ব্লু পংতিওয়াতের সঙ্গে লিসার প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।

মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংক এর যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’।

তখনই বিলবোর্ড চার্টে শুরু হয়ে যায় তোলপাড়। এক মাসেরও কম সময়ের মধ্যে অ্যালবামটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়। বিলবোর্ডের টপচার্টে শীর্ষস্থান দখল করে নেয় অ্যালবামটি।

এরপর ২০১৮ সালের শুরুতে আন্তর্জাতিকভাবে নজরে আসে ব্ল্যাকপিংক। ব্রিটিশ শিল্পী ডুয়া লিপার সঙ্গে ব্যান্ডের গাওয়া ‘কিস অ্যান্ড মেকআপ’ গানটি সে বছর সাড়া ফেলে।

২০২০ সালে মুক্তি পায় তাদের প্রথম স্টুডিও অ্যালবাম ‘বর্ন পিংক’। ওই বছরের অগাস্টে ‘পিংক ভেনম’ শিরোনামের গানটি নতুন করে আলোচনায় আনে দলটিকে। এরপর ওই মাসেই যুক্তরাষ্ট্রের এমটিভি ভিডিও অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতায় কোরিয়ান ব্যান্ড দলটি।