১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রেসকারচালক হয়ে চারদশক পর ফিরছেন টম ক্রুজ

১৯৯০ সালে মুক্তি পাওয়া আলোচিত রেসিং ছবি ‘ডেজ অব থান্ডার’–এর নতুন পর্ব আসতে চলেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 01:27 PM

Updated : 16 Sep 2026, 05:12 PM

হলিউডের অভিনেতা টম ক্রুজ রেসকারচালক কোল ট্রিকল হয়ে পর্দায় ফিরছেন প্রায় চার দশক পর। ১৯৯০ সালে মুক্তি পাওয়া আলোচিত রেসিং সিনেমা ‘ডেজ অব থান্ডার’–এর নতুন পর্ব আসতে চলেছে।

এবারে ক্রুজের বিপরীতে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। সাড়াজাগানো রেসিং সিনেমাটি প্রথম পর্বে অভিনেতার বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। 

ভ্যারাইটি জানিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স ঘোষণা দিয়েছে, ২০২৮ সালের ২ জুন বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘ডেজ অব থান্ডার’ সিনেমার সিকুয়েল। 

প্রেক্ষাগৃহে দর্শকদের ভিন্ন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে সিনেমাটির শুটিং করা হবে আইম্যাক্স ক্যামেরায়।

কদিন আগে এই সিনেমার যুক্ত হওয়ার পর ক্রুজ নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে।

সেখানে ক্রুজ ও হ্যাথাওয়েকে একটি নাসকার রেসট্র্যাকে দেখা গেছে।

টনি স্কট পরিচালিত ‘ডেজ অব থান্ডার’ সিনেমা ক্রুজকে দেখা গিয়েছিল দুর্দান্ত ও বেপরোয়া কার রেসার কোল ট্রিকল চরিত্রে। অভিজ্ঞ মেন্টর ও কার বিল্ডার হ্যারি হজের (রবার্ট ডুভাল) সান্নিধ্যে এসে প্রাণঘাতী দুর্ঘটনা পেরিয়ে কোল নিজের ভয়কে জয় করেন ওই সিনেমায়।

চিত্রনাট্যের মূল আকর্ষণ ছিল দ্রুতগতির রেসিংয়ের পাশাপাশি নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াইয়ের গল্প। সিনেমায় কোল ট্রিকলের সেই গতি, উন্মাদনা ও প্রেম তৎকালীন তরুণ প্রজন্মকে দারুণভাবে আলোড়িত করেছিল।

ক্রুজ নিজের চরিত্রেই ফিরছেন এবার। এই কিস্তি নিয়ে খুব বেশি তথ্য সামনে আনেনি প্রযোজনা সংস্থা। কেবল বলা হয়েছে একটি রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে অভিনয় করবেন অ্যান হ্যাথাওয়ে।

এই পর্ব পরিচালনা করবেন জনাথন লেভিন। অন্যতম প্রযোজক হিসেবে আছেন টম ক্রুজ। সহ–প্রযোজনায় থাকছেন জেরি ব্রুকহাইমার ও টমি হারপার।

দীর্ঘদিন ধরে ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে ব্যস্ত ছিলেন ক্রুজ। ‘ডেজ অব থান্ডার’–এ ফেরা এই অভিনেতার ক্যারিয়ারে একটি বাঁক বদলের ইংগিত দিচ্ছে। 

আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে আসছে ক্রুজের ‘ডিগার’; আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত সিনেমাটি ক্রুজ অভিনয় করেছেন এক ক্ষমতাধর ধনকুবেরের চরিত্রে।

আর চলতি বছরে এ পর্যন্ত চারটি সিনেমা দিয়ে আলো ছড়িয়েছেন অ্যান হ্যাথাওয়ে। তার ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’, ‘দ্য ওডিসি’ এবং ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ দর্শক নন্দিত হয়েছে।

অক্টোবরের শুরুতে কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘ভেরিটি’ নিয়ে ফের পর্দায় আসছেন অস্কারজয়ী এই অভিনেত্রী।