Published : 17 Sep 2025, 12:06 PM
তারকা দম্পতির ঘরে জন্ম, তারপর মাদকে উন্মাতাল, নারীসঙ্গে বেসামাল, দাগি আসামি হয়ে কারাগারের অন্তরাল- হিন্দি সিনেমার সঞ্জয় দত্তের নিজের জীবনটাও যেন এক সিনেমা।
কারাগারের পাঁচ বছরের জীবনে শ্রমিক হিসেবে কাজ করে কিছু টাকাও রোজগার করেছিলেন তিনি। তেমনি জেলখানার মধ্যে নানা ধরনের আসামির সংস্পর্শেও আসতে হয় তাকে। একবার খুনের এক আসামি যখন তার দাড়ি কাটতে আসে, রীতিমত ভড়কে গিয়েছিলেন সঞ্জয় দত্ত।
অভিনেতার সেই অভিজ্ঞতা টাইমস অব ইন্ডিয়া তুলে ধরেছে।
১৯৯৩ সালের মুম্বাইয়ে সিরিজ বোমা বিস্ফোরণের সময় ২৫৭ জন নিহত হয়। তখন সঞ্জয়ের কাছে একটি একে-৫৬ অস্ত্র পাওয়া যায়, যার জন্য ভারতের সুপ্রিম কোর্ট তাকে অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে রায় দেয়।
কারাগারে সঞ্জয়ের গোঁফ-দাড়ি কাটার জন্য একবার এক কয়েদি আসে সঞ্জয়ের কাছে। কথা বলতে গিয়ে সঞ্জয় জানতে পারেন, মিশ্র নামের ওই কয়েদি দুটি খুন করার দায়ে কারান্তরালে আছেন।

মিশ্র যখন দাড়ি কাটতে এসেছিলেন, সঞ্জয় জানতে চেয়েছিলেন, তিনি ঠিক কত দিন ধরে বন্দি রয়েছেন। মিশ্র জানিয়েছিলেন, তিনি ১৫ বছর ধরে কারাগারে আছেন।
সঞ্জয় বলেন, “দাড়ি কাটার সময়ে ওর হাতের রেজার যখন আমার গলার কাছে, আমি জানতে চাই সে কী করেছে। তখন মিশ্রই আমাকে বলে, দুইটা খুনের জন্য বন্দি আছে সে। সঙ্গে সঙ্গে আমি ওর হাতটা চেপে ধরেছিলাম। ভাবা যায়, দুটো খুনের আসামি রেজার হাতে আমার দাড়ি কাটছে! এই হল কারাগারের জীবন।”
সঞ্জয় সাক্ষাৎকারে বলেছেন, জীবনে কোনও কিছু নিয়েই তার আক্ষেপ নেই। কষ্ট কেবল একটাই, তার মা-বাবা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলেন।
১৯৮১ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে মৃত্যু হয়েছিল সঞ্জয়ের মা নার্গিসের। ২০০৫ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অভিনেতার বাবা সুনীল দত্তের।
গত শতকের আশির দশক থেকে শুরু করে এ পর্যন্ত দুইশোর কাছে সিনেমা তিনি করেছেন।
এর মধ্যে টাইগার শ্রফ, হরনাজ় সন্ধু ও সোনম বাজওয়া অভিনীত ‘বাগী ৪’ সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয়।