০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফাহমিদা নবীর নতুন গান, একসঙ্গে ৪০টি

শুরুতেই আসছে ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের গানটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 12:03 AM

Updated : 11 Sep 2026, 03:50 PM

গানের ডালি নিয়ে একসঙ্গে হাজির হচ্ছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সংগীত পরিচালক সজীব দাস। 

সেই গানের সংখ্যা ১০টা বা ২০টা নয়; তারা ৪০টি নতুন গান নিয়ে আসছেন।

সম্প্রতি গানগুলোর অডিও রেকর্ড শেষ হয়েছে। সেগুলো এখন মিউজিক ভিডিও তৈরি করে ধারাবাহিকভাবে প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফাহমিদা নবী। 

গানগুলোর মধ্যে শুরুতেই আসছে গোলাম মোরশেদের কথায় ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের একটি গান। ভিডিও দৃশ্যধারণ শেষে গানটি শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে বলে জানিয়েছেন সংগীতশিল্পী

তিনি বলেন, “লাকী আখান্দ ভাইয়ের শিষ্য সজীব একজন প্রচ্ছন্ন গানপাগল মানুষ। প্রচারের আড়ালে থেকে কাজ করে যেতে ভালোবাসেন তিনি। তার সঙ্গে আমার মিউজিক্যাল বোঝাপড়া দারুণ। ৪০টি গান নিয়ে আমরা দুজনেই খুব আশাবাদী।”

সুরকার সজীব দাস বলেন, “ফাহমিদা আপার মত গুণী শিল্পী আমার ওপর আস্থা রাখছেন, এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। সব সময় তার জন্য সেরা সুরটা উপহার দেওয়ার চেষ্টা করি। আশা করছি, এই নতুন গানগুলোও শ্রোতাদের মন ছুয়ে যাবে।”

এর আগেও এই জুটির সুর ও কণ্ঠে ২০টি গান প্রকাশিত ও প্রশংসিত হয়েছে। যার মধ্যে ২০১৯ সালের ‘চোখের কার্নিশে’ বেশ আলোচিত ছিল। এছাড়াও ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাঁপা’, ‘মুক্তি আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’ ও ‘চোখের জলে’সহ বেশ কিছু গান রয়েছে।