১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটকের গান ‘প্রাণসখিয়া’ গাইলেন রুমি

মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নামের নাটকের জন্য তৈরি হয়েছে গানটি।

নাটকের গান ‘প্রাণসখিয়া’ গাইলেন রুমি
সংগীতশিল্পী আরফিন রুমি

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 07:20 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

সিনেমার পর এবার নাটকের গানে পাওযা যাবে সংগীতশিল্পী আরফিন রুমিকে।

রুমির গাওয়া ‘প্রাণসখিয়া’ গানের কথা লিখেছেন ওয়াসিক সৈকত। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। 

গানটিতে রুমির সহশিল্পী ছিলেন পল্লবী রায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নামের নাটকের জন্য তৈরি হয়েছে গানটি।

গানটি নিয়ে রুমি বলেন, "রাজের নাটক বলেই এ কাজ করতে রাজি হওয়া। আমার ওপর তার অধিকার আছে। কারণ আমাদের মধ্যকার সম্পর্ক অন্য রকম। 'প্রাণসখিয়া' অনেক সুন্দর একটি গান। এর লেখা ও সুর দারুণ। 

“নতুন প্রজন্মের সুরকার নাভেদ পারভেজ ও গায়িকা পল্লবী রায়ের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে আশা করি।" 

পরিচালক পারভেজ বলেছেন, গানে সুর বাঁধার পরই তার মনে হয়েছে গানটি রুমির কণ্ঠে ভালো মানাবে।

“তবে তিনি সাধারণত অন্যের সুরে গান করেন না। কিন্তু রাজ ভাইয়ের সুবাদে এটা সম্ভব হয়েছে। আর পল্লবী রায় আমার সুর করা বেশ কিছু গান আগে গেয়েছে। সেগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আশা করি, নতুন গানটি সব শ্রেণির শ্রোতার মন জয় করবে।" 

রাজের সর্বশেষ সিনেমা ‘ওমর’ এ সোমেশ্বর অলির কথা ও স্যাভির সুর-সংগীতে ‘রব জানে’ গানে কণ্ঠ দেন রুমি। এর আগে গেয়েছেন সম্রাট’ সিনেমার দুটি গান।

গান গাওয়ার পাশাপাশি সংগীত পরিচালনাও করে থাকেন রুমি। রাজের আরও দুটি সিনেমা ‘ছায়া-ছবি’ এবং ‘তারকাঁটা’র সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। 

এছাড়া ২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমার সব গানের সুর ও সংগীতও রুমি পরিচালনা করেছেন।