Published : 16 Nov 2025, 10:20 AM
নোয়াখালীর লোক কথা নিয়ে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’।
অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এই ধারাবাহিকটি দেখা যাবে গ্লোবাল টেলিভিশনে; সপ্তাহের চারদিন শনি থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে নাটকটি।
বিজ্ঞপ্তিতে অরণ্য আনোয়ার বলেন, “নোয়াখালী অঞ্চলের হাজার বছরের প্রচলিত বিভিন্ন মিথ বা লোক কথা এই ধারাবাহিকের মূল বিষয়। যেমন চাঁদে সত্যিকার অর্থে নোয়াখালীর বুড়ি বসবাস করে বা নোয়াখালী স্বতন্ত্র দেশ হলে এটা ইউরোপের মত সমৃদ্ধ দেশ হতে পারত।
“এমন বিভিন্ন কাল্পনিক বিষয় এই ধারাবাহিকে এসে বাস্তবতার রূপ নিয়েছে। এই ধারাবাহিকে একটি নভোযান দেখানো হয়েছে। যেই নভোযানের নাম নোয়াখালী এক্সপ্রেস। এমনই বিভিন্ন ঘটনাকে ঘিরে এগিয়ে যাবে ধারাবাহিকটি।”
ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাত শিমুল, আশরাফুল আলম সোহাগ, আশরাফ সুপ্ত, সাদ্দাম মাল, আমিন আজাদ, রেশমা আহমেদ, ফারজানা মিহি, সুমাইয়া অর্পা, রেজমিন সেতু, তাবাসসুম মিথিলা, অধরা নিহারিকা, হীরামনি, ফারিয়া, জান্নাত রুপু, শেহজাদ ওমর, তনয় বিশ্বাসসহ অনেকে।
পুবাইল, গাজীপুর ও নোয়াখালীর বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।
'নোয়াখালী এক্সপ্রেস' নাটকের মাধ্যমে নাট্যকার-পরিচালক অরণ্য আনোয়ার ছয় বছর পর টেলিভিশন ধারাবাহিকে ফিরেছেন। এই নির্মাতার সর্বশেষ নাটক ‘ফুল এইচ ডি’ প্রচার হয়েছিল ২০১৯ সালে ‘মাছরাঙা’ টেলিভিশনের পর্দায়।
‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’ এবং ‘আমাদের নুরুল হুদার’ মত জনপ্রিয় কিছু নাটকের রচয়িতা ও পরিচালক ছিলেন অরণ্য আনোয়ার।