১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অরিজিতের সঙ্গে বিটিএসের জাংকুক, আসছে ‘বিশেষ কিছু’

ভারত সফরের কথা গোপন রেখেছিলেন জাংকুক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 01:57 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

জনপ্রিয় কে-পপ বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং- এমন খবরে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। 

এর মধ্যে সোশালয় মিডিয়ায় অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক। 

ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে তিনটি ছবি শেয়ার করেছেন জাংকুক। 

সেখানে জাংকুক অরিজিৎকে নিয়ে তার উপলব্ধি তুলে ধরেছেন।

বিটিএস গায়ক লিখেছেন, “আমি উপলব্ধি করলাম, অরিজিৎ সিং কেবল একজন অসাধারণ শিল্পীই নন, তিনি অত্যন্ত মানবিক। তার কথা বলার ধরণ, চালচলন…তার মধ্যে এক ধরনের শান্ত উষ্ণতা আছে যা সচরাচর দেখা যায় না।

“মানুষ তার গানের প্রশংসা করে, কিন্তু ব্যক্তি হিসেবে তিনি যেমন, তা আপনাকে তার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল করে তুলবে।”

জাংকুক এর মধ্যে ভারত সফর করেন। এই সফরের কথা গোপনই রেখেছিলেন এই তারকা। 

তিনি বলেন, “কোনো শোয়ের জন্য নয়, শুধু গানের জন্য। অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা হল। আমরা একসঙ্গে বসেছিলাম, কথা বলেছিলাম, পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছিলাম এবং বিশেষ কিছু একটা তৈরি করেছি দুজনে মিলে।”

ইন্সটাগ্রামে একটি ছবিতে অরিজিৎ ও জাংকুককে একসঙ্গে বসে কিছু একটা খাচ্ছেন।

দ্বিতীয় ছবিতে গিটার বাজাচ্ছেন জাংকুক এবং মনোযোগ দিয়ে শুনছেন অরিজিৎ। তৃতীয় ছবিটি দেখে মনে হচ্ছে, নতুন কিছুর ইঙ্গিত দেওয়া হচ্ছে। তাতে দুই গায়ককে একটি মিউজিক রুমে বসে থাকতে দেখা যায়।

প্রায় চারবছর বিরতির পর গেল ২০ মার্চ নতুন অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করেছেন বিটিএস। এটি তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম। মুক্তির প্রথম দিনেই বিক্রি হয়েছে প্রায় ৩ দশমিক ৯৮ মিলিয়ন কপি। যা কে-পপের ইতিহাসে নতুন রেকর্ড।

অ্যালবামের ‘সুইফম’ গানটি বিশ্বজুড়ে ঝড় তুলেছে। ৯০টি দেশে আইটিউনস টপ সংস চার্টের শীর্ষে রয়েছে এটি।

অ্যালবাম প্রকাশের পর সিউলে কনসার্টও করেছে ব্যান্ডটি। 

এদিকে প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ সিং। সংগীত চর্চা ছাড়াও আগামীতে সিনেমা পরিচালনায় হয়ত নিয়মিত দেখা যাবে এই গায়ককে।