১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘হীরক রাজা’ রুদ্রনীল বললেন, ‘হীরক রানি বাই বাই’

‘হীরক রানি বাই বাই’ শিরোনামে রুদ্রনীল লিখেছেন, , ‘‘যারা বাংলাকে বানিয়েছে হীরক রাজার দেশ তাদের স্বৈরাচার এ বার হবে শেষ।“

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:25 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

রূপকের আশ্রয় নিয়ে ক্ষমতসীনের দুঃশাসনের সত্যচিত্র ফুটিয়ে তোলা কালজয়ী সিনেমা ‘হীরক রাজার দেশে’র ‘হীরক রাজা’ হয়ে ধরা দিলেন কলকাতার বিজেপি সদস্য অভিনেতা রুদ্রনীল ঘোষ।

সত্যজিৎ রায়ের হীরক রাজার চরিত্রটি করা অভিনেতা উৎপল দত্তের মত সেজে একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছেড়েছেন রুদ্রনীল।

‘হীরক রানি বাই বাই’ শিরোনামে রুদ্রনীল লিখেছেন, “যারা বাংলাকে বানিয়েছে হীরক রাজার দেশ, তাদের স্বৈরাচার এবার হবে শেষ।“

ভারতে চলছে লোকসভা নির্বাচন। মঙ্গলবার ৭ মে রাজ্যে তৃতীয় দফার লোকসভা নির্বাচন হবে। রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে ক্ষমতাসীন দল বিজেপির সদস্য রুদ্রনীল এই ভিডিওটি বানিয়েছেন। 

আনন্দবাজারকে এই অভিনেতা বলেন, “দল যেহেতু আমাকে তারকা প্রচারক হিসেবে দেখে, তাই একটা দায়িত্ববোধের জায়গা থেকেই আমিও কিছু করতে চেয়েছিলাম। আসলে আমাদের রাজ্য তো এখন হীরক রাজার দেশের মতোই! তাই এই ভাবনা।’’

‘হীরক রাজা’ সেজে দলের কাজের প্রচারমূলক একটি সিরিজ বানানো হয়েছে বলে রুদ্রনীল জানান। এর শুটিং হয়েছে দিল্লিতে। শিগগিরই সেসব প্রচারে আসবে। 

রুদ্রনীল বলেন, “হীরক রাজা বা রানির রাজ্যে ঠিক কি হয়েছিল আর এখন কি হচ্ছে, সেই মিলটা মানুষ ভিডিও দেখলেই বুঝতে পারবেন।” 

১৯৮০ সালে মুক্তি পায় ‘হীরক রাজার দেশে’। রুদ্রনীলের মতে, সত্যজিৎ ছিলেন ভবিষ্যৎদ্রষ্টা। তিনি বলেন, “বড় বড় দার্শনিকেরা হয়ত ভবিষ্যৎ দেখতে পান। ছোটবেলায় সিনেমাটা দেখে এক রকম অর্থ বুঝেছি। আর এখন দেখি অন্য অর্থ। পশ্চিমবঙ্গের বর্তমান অরাজকতা সবটাই যেন সিনেমার সঙ্গে মিলে যাচ্ছে। হীরক রাজা বা রানির সেই হুঙ্কার কিন্তু মানুষ দেখছেন।” 

তবে রুদ্রনীলের ভাষ্য, উৎপল দত্তের মত অভিনয় করবেন– এ কথা তিনি দুঃস্বপ্নেও ভাবতে চান না।

এই মুহূর্তে দলের হয়ে নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন রুদ্রনীল। লোকসভা নির্বাচনের পর নতুন কোনো সিনেমা বা সিরিজের কাজ হাতে নেবেন বলেও জানিয়েছেন।