Published : 17 Apr 2026, 04:48 PM
ব্লকবাস্টার সিরিজ ‘টম গান’ এর তৃতীয় পর্ব আসছে। সুখবরটির কেবল এত সংক্ষিপ্ত নয়। মূল ঘটনা হল, এই সিনেমা নিয়ে ফিরছেন হলিউডি তারকা টম ক্রুজ।
প্রযোজক সংস্থা প্যারামাউন্ট এ খবর নিশ্চিত করেছে বলে লিখেছে ভ্যারাইটি ও ইনডিপেন্ডেন্ট। সিনেমার প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রুকহেইমার।
শুক্রবার লাস ভেগাসের এক অনুষ্ঠানে প্যারামাউন্ট জানিয়েছে, ‘টপ গান’ তিনের কাজ শুরু হয়েছে।
ভ্যারাইটি জানিয়েছে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘টপ গান: ম্যাভরিক’ সিনেমার সিক্যুয়েল লেখার দায়িত্বে থাকছেন ইহরান ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার ও ক্রিস্টোফার ম্যাককোয়ারি। ১৭০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ‘টপ গান: ম্যাভরিক’ দেড় বিলিয়ন ডলার আয় করে।

১৯৮৬ সালে প্রথম আসে ‘টপ গান’ সিরিজের সিনেমা। ওই সিনেমায় লেফটেন্যান্ট পিট ‘ম্যাভেরিক’ মিচেল এর ভূমিকায় অভিনয় করেছিলেন টম ক্রুজ। ৩৬ বছর পর দ্বিতীয় পর্বে ফের ম্যাভেরিকের ভূমিকায় অভিনয় পর্দায় আসেন তিনি। তবে তৃতীয়বার আসতে বেশি একটা দেরি করলেন না এই অভিনেতা।
‘টপ গান: ম্যাভরিক’ সিনেমায় দেখানো হয় বিমানবাহিনীর একটি ফ্লাইট স্কুলে তরুণ পাইলটদের বিপজ্জনক মিশন সাফল্যের সঙ্গে শেষ করার ট্রেনিং দিচ্ছেন ম্যাভরিক।
২০২২ সালের সিনেমাটি আরেকটি কারণে স্মরনীয়। এটিই ছিল হলিউড তারকা ভ্যাল কিলমারের অভিনয় করা শেষ সিনেমা। ২০২৫ সালে গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ৬৫ বছর বয়সী কিলমার।
‘টপ গান থ্রিতে ক্রুজের সঙ্গে কারা অভিনয় করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্যারামাউন্ট।
টম ক্রুজকে গত বছর ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’-এ ইথান হান্ট চরিত্রে দেখা গিয়েছিল। এ বছর দর্শকেরা তাকে পর্দায় দেখতে পারবেন অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো ইনিয়ারিতুর ‘ডিগার’ সিনেমায়। আগামী ২ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘টপ গান’ ছাড়াও ক্রুজ নিজের ১৯৯০ সালের কার রেসিং নিয়ে তৈরি সিনেমা ‘ডেইস অফ থান্ডার’-এর সিক্যুয়েল নিয়ে কাজ করছেন।