Published : 23 Nov 2025, 01:17 AM
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ এবং মূল প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে ২৩টি সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ছাত্র ও শিশু সংগঠনেট সম্মিলিত প্ল্যাটফর্ম 'জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলন'।
বিভিন্ন সংগঠনের শিল্পীদের যৌথ অংশগ্রহণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শনিবার বিকাল ৪টায় এ সমাবেশ শুরু হয়।
পরে আলোচনা, গান ও নাচের মাধ্যমে দাবি তুলে ধরেন শিল্পীরা। উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা পরিবেশন করেন ‘ওরা আমাদের গান গাইতে দেয় না’ এবং ‘অধিকার কে কাকে দেয়’ গান দুটি।
গত ২ নভেম্বরের সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করে ২৮ অগাস্টের মূল প্রজ্ঞাপনটি পুনর্বহাল করা এবং পর্যায়ক্রমে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত, চারুকলা ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
ধর্মের নামে যারা সংগীত ও শরীরচর্চা শিক্ষা বন্ধের দাবি জানাচ্ছেন, তারা মূলত একটি ‘মেধাহীন অবিকশিত বুদ্ধির প্রজন্ম গড়ে তোলার ষড়যন্ত্র’ করছেন বলে মন্তব্য করেন জাতীয় শিক্ষা ও সংস্কৃতি রক্ষা আন্দোলনের আহ্বায়ক ও উদীচী কেন্দ্রীয় সংসদের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সংগঠক মহাদেব ঘোষ, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি ড. মকবুল হোসেন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি আজিজুর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ডা. আবু সাঈদ এবং ছড়াকার ও সাংবাদিক আকতার হুসেন।
সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।
দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার রাবেয়া আকতার, উত্তম কুমার সরকার, কেয়া সুহি, স্বর্ণময়ী মণ্ডল, কেয়া হায়দার, অলক দাশগুপ্ত, এস এম মুজাহিদ ও শ্রাবণী গুহ রায়।
শিল্পকলা বিদ্যালয় ঐক্যজোটের তুষার চন্দন, সংগীত সংগঠন সমন্বয় পরিষদের মহাদেব ঘোষ, উদীচীর অবিনাশ বাউল ও শাওন কুমার রায় সংগীত পরিবেশন করেন।
সালমা মনির পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যাক্ষর। একক আবৃত্তি পরিবেশন করেন উদীচীর শিল্পী বেলায়েত হোসেন, শিখা সেনগুপ্তা ও মির্জা আতিকুজ্জামান।
সবশেষে বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পী সংস্থার জামিল খ্যাপা ও জাহিদ বাউল। এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ।
আয়োজক সংগঠনের মধ্যে ছিল- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ, গণসংগীত সমন্বয় পরিষদ, নবান্ন উৎসব উদযাপন পরিষদ, বসন্ত উৎসব উদযাপন পরিষদ, রাধারমন সংস্কৃতি চর্চা কেন্দ্র, শিল্পকলা বিদ্যালয় ঐক্যজোট, বাংলাদেশ বাউল ও লোক শিল্পী সংস্থা, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, বুলবুল ললিতকলা একাডেমি, কেন্দ্রীয় খেলাঘর আসর, কেন্দ্রীয় খেলাঘর আসর, ভয়েস অব আর্টিস্ট, প্রাচ্যনাট, বিশ্ববীণা, আনন্দন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ।