১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চীনের প্রাচীন সাম্রাজ্যের গল্পের ধারাবাহিক ‘রহস্যময়ী’

প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার ধারাবাহিকটি প্রচার হচ্ছে।

চীনের প্রাচীন সাম্রাজ্যের গল্পের ধারাবাহিক ‘রহস্যময়ী’
'রহস্যময়ী' নাটকের দৃশ্য। ছবি: দীপ্ত টিভির সৌজন্যে

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 11:13 AM

Updated : 26 Aug 2026, 05:22 PM

চীনের ওয়েই সাম্রাজ্যের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চীনা ধারাবাহিক ‘প্রিন্সেস এজেন্টস’। 

দেশটিতে প্রচারের পর ধারাবাহিকটি বেশ আলোচনায় আসে। এবার সেই ধারাবাহিকটি বাংলায় ভাষান্তর করে প্রচার হচ্ছে বাংলাদেশেও।

দীপ্ত টিভিতে ‘রহস্যময়ী’ নামে দেখা যাচ্ছে ধারাবাহিক এই নাটকটি।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিট ও রাত সাড়ে ৮টায় ধারাবাহিকটি চলছে দীপ্তর পর্দায়।

'রহস্যময়ী' ধারাবাহিকটির প্রজেক্ট ডিরেক্টর মোর্শেদ সিদ্দিকী মরু, প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন। ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

২০১৭ সালে চীনের হুনান টিভিতে প্রচার হয়েছিল ধারাবাহিকটি। এরপর মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মেক্সিকো, পেরুসহ অনেক দেশে অনূদিত হয়ে প্রচারিত হয়েছে।

ধারাবাহিকের গল্পে দেখা যাবে তিনটি অভিজাত বংশ ওয়েই, ইউয়েন আর ঝাওদের গল্প। তাদের সঙ্গে যুক্ত হয় ইয়ান পরিবার এবং কয়েকটি সামরিক গোয়েন্দা সংস্থা।

প্রাদেশিক শাসনকর্তারা যেন বিদ্রোহ করতে না পারে, সে জন্য ওয়েই সম্রাট প্রাদেশিক শাসনকর্তাদের একজন করে ছেলেকে নিজের কাছে এনে রাখে। মার্কুইস ডিংবেই নামে পরিচিত উত্তর ইয়ানের শাসনকর্তা ইয়ান শিচেংয়ের ছেলে প্রিন্স ইয়ান শুন সম্রাটের কাছে বড় হতে থাকে।

ইউয়েন পরিবারের দুইজন উত্তরসূরি ইউয়েন ইউয়ে ও ইউয়েন হুয়ায়। ইউয়েন ইউয়ে অত্যন্ত ধীরস্থির, সৎ এবং কোমল মানসিকতাসম্পন্ন হলেও ইউয়েন হুয়ায় বেশ নিষ্ঠুর আর চঞ্চল। সে যেভাবেই হোক ইউয়েন ইউয়েকে পথ থেকে সরিয়ে দিতে চায়।

ঘটনাক্রমে ইউয়েন পরিবারে আগমন ঘটে বিখ্যাত গুপ্তচর লুহির মেয়ে চু-চিয়াওর। অতীতের কিছুই মনে করতে পারে না সে। নিজের যোগ্যতা দিয়ে সে ইউয়েন ইউয়ের ব্যক্তিগত দাসী নির্বাচিত হয়। প্রথম দেখাতেই চু-চিয়াওর প্রেমে পড়ে যায় লর্ড ইউয়েন ইউয়ে। কিন্তু নিজের সামাজিক অবস্থানের জন্য বিষয়টাকে সে কোনোভাবেই প্রকাশ হতে দিতে চায় না।

অন্যদিকে মার্শাল আর্টে দক্ষতা দেখে চু-চিয়াওর প্রেমে পড়ে যায় প্রিন্স ইয়ান শুন। ইউয়েন, ঝাও আর ওয়েইদের মিলিত ষড়যন্ত্রে প্রিন্স ইয়ান শুনের বাবা মার্কুইস ডিংবেই এবং তার পুরো পরিবার প্রাণ হারায়। পরিবারের সঙ্গে না থাকায় প্রাণে বেঁচে যায় প্রিন্স ইয়ান শুন।

এই তিন পরিবারের বিভিন্ন ঘটনা ঘিরেই এগিয়ে যাবে নাটকটি।