০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই চলচ্চিত্র

কোভিড মহামারীর সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে ‘জয়া আর শারমিনের’ সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান।

কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই চলচ্চিত্র
কলকাতার পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতেছে বাংলাদেশের দুই সিনেমা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 09:15 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

ভারতের কলকাতায় পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’।

আর প্রামাণ্যচিত্র বিভাগে ‘জুরি মেনশন’ পেয়েছে ‘মামুন: ইন প্রেইজ অফ শ্যাডোজ’।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে গত ৮ থেকে ১৩ সেপ্টেম্বর এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়। আর রোববার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে আসে পুরস্কারের ঘোষণা।    

‘জয়া আর শারমিন’ এর প্রযোজক আবু শাহেদ ইমন এক বিজ্ঞপ্তিতে বলেছেন, এই অর্জন সিনেমার সব শিল্পী ও কলাকুশলীর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও ‘উৎসাহের একটি অর্জন’।

ছয় দিনের উৎসবে প্রদর্শিত হয়েছে মোট ৩৮টি চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে ছিল ১৯টি সিনেমা। 

উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের চলচ্চিত্র অংশ নেয়। 

তিন সদস্যের বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক উজ্জ্বল চক্রবর্তী, রীতা দত্ত ও প্রদীপ কেনচানুরু।

কোভিড মহামারীর সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর সম্পর্কের গল্প নিয়ে ‘জয়া আর শারমিনের’ সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান।

সিনেমার গল্পে দেখা গেছে, জয়া একজন অভিনেত্রী; অন্যজন তার সহকারী। মহামারীর কারণে বাইরের জগতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে তারা দুজন গৃহবন্দি জীবন কাটাতে বাধ্য হন দীর্ঘ সময়।

প্রথম দিকে তাদের সম্পর্কটা ছিল পেশাগত। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কের পরিধি বাড়তে থাকে। একসঙ্গে রান্না, গল্প করা, পুরোনো স্মৃতিচারণা সবকিছুতেই তারা একে অপরের সঙ্গী হয়ে ওঠে। তারপরও এ ঘনিষ্ঠতার মধ্যে ছিল অদৃশ্য এক দেয়াল।

জয়ার তারকাখ্যাতি এবং শারমিনের সাধারণ জীবনের ফারাক একটা সময় তাদের সম্পর্ককে জটিল করে তোলে। সম্পর্কের উত্থান-পতনের গল্পই দেখা যাবে এই সিনেমায়।

এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে মহসিনা আক্তার।

ফটোগ্রাফার নাসির আলী মামুন ও তার কাজ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ প্রামাণ্যচিত্র বিভাগে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’ পেয়েছে।

পরিচালক মকবুল চৌধুরী পাঁচ বছরের বেশি সময় ধরে নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্রটি। এই সময়ে ঢাকা, কলকাতা, প্যারিস ও নিউ ইয়র্কসহ বিভিন্ন শহরে নাসির আলী মামুনের শিল্পীজীবন ও সৃজনযাত্রা অনুসরণ করেছেন তিনি। তার শিল্পকর্মের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মামুনের সম্পর্ক ও যোগাযোগের বিষয়ও প্রামাণ্যচিত্রে উঠে এসেছে।

আলোচকরা নাসির আলী মামুনের কাজকে আলো-আঁধারের ‘অনন্য সমন্বয়ে নির্মিত অসাধারণ শিল্পকর্ম’ হিসেবে বর্ণনা করেন। 

একই সঙ্গে প্রামাণ্যচিত্রটিকে মামুনের দীর্ঘ শিল্পযাত্রার ‘একটি শৈল্পিক ও মননশীল ধারাবিবরণী’ হিসেবে তুলে ধরেন।

গত চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফির অগ্রণী আলোকচিত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন নাসির আলী মামুন।