Published : 08 Apr 2026, 01:51 PM
বলিউড অভিনেত্রী ও মডেল জারিন খানের মা পারভিন খান মারা গেছেন।
দীর্ঘ অসুস্থায় ভুগে মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এনডিটিভি লিখেছে, ‘মাল্টি অর্গান ফেইলিউরে’ মৃত্যু হয়েছে অভিনেত্রীয় মায়ের।
জারিন খানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের প্রিয় পারভিন খান, জারিন খান ও সানা খানের মা, ৮ এপ্রিল শান্তিপূর্ণভাবে ইহলোক ত্যাগ করেছেন। বুধবার সকালে তার দাফনকার্য সম্পন্ন হবে।”
মায়ের অসুস্থতা নিয়ে গত কয়েক মাস ধরেই সোশাল মিডিয়ায় নিয়মিত লিখতেন জারিন। ভক্তদের কাছে মায়ের সুস্থতার জন্য প্রার্থণার আরজিও রেখেছিলেন।
গত মাসে এই অভিনেত্রী বলেছিলেন, তার মাকে আইসিইউ থেকে সরানো হয়েছে।
অনুসারীদের উদ্দেশে জারিন লিখেছিলেন, “মা আইসিইউ থেকে বের হয়েছেন, তবে এখনও হাসপাতালে আছেন। তার জন্য প্রার্থণা করুন, খুব প্রয়োজন।”
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি জন্মদিনে এক আবেগঘন বার্তা দিয়েছিলেন জারিন।
তিনি লিখেছিলেন, “আজ রমজানের পঞ্চম দিন, আমার জন্মদিন। যারা আমাকে কাছ থেকে চেনেন তারা জানেন আমি জন্মদিন কতটা ভালোবাসি। এ বছরও বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব হচ্ছে না, কারণ আমার মা হাসপাতালে ভর্তি আছেন।
“আমি সবার কাছে অনুরোধ করব আমার মায়ের জন্য দোয়া করবেন। সেটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার হবে।”
গত বছরের অক্টোবরে একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন পারভিন খান। পরে চিকিৎসা শেষে মায়ের বাসায় ফেরার খবর দিয়েছিলেন জারিন।
মায়ের মৃত্যুর পর এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি অভিনেত্রী।
২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন জারিন। সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
এছাড়াও ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘১৯২১’ সিনেমায় কাজ করেছেন জারিন।