Published : 22 Mar 2026, 11:09 AM
সংগীতশিল্পী পান্থ কানাই ঈদের জন্য নিয়ে আসছেন নতুন গান ‘আবার চুমকি’। ঈদের দিন সন্ধ্যায় প্রচারে এসেছে গানটি।
'গানচিল মিউজিকের' ইউটিউব চ্যানেলে শোনা যাবে গানটি। গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক।
গানচিল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলা গানের দর্শকপ্রিয় গান ‘চুমকি চলেছে একা পথে’। খুরশীদ আলমের কণ্ঠে ‘দোস্ত দুশমন’ সিনেমায় গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে পান্থ কানাই গানটি রিমেক করেন, সেই ধারাবাহিকতায় বহু বছর পর এবার ঈদে ‘আবার চুমকি’ গান নিয়ে হাজির হয়েছেন এই শিল্পী।
নতুন গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। ভিডিওটি নির্মাণ করা হয়েছে ৬০-৭০ দশকের আবহে, যেখানে পুরনো বাংলা সিনেমার নস্টালজিয়া ফুটে উঠবে।
পান্থ কানাই বলেন, "খুরশীদ আলমের গাওয়া ‘চুমকি চলেছে একা পথে’ একটি কালজয়ী সৃষ্টি। সেই গান রিমেক করার পর দারুণ সাড়া পেয়েছিলাম। এবার দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি হয়েছে ‘আবার চুমকি’। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকদের আনন্দ দেবে এবং ঈদের উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে। গানটির ভিডিওতেও আমি অংশ নিয়েছি।"
খায়রুল বাসার বলেন, "'চুমকি চলেছে একা পথে’ আমাদের প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়। সেই গানের ধারাবাহিকতায় নতুন গান ‘আবার চুমকি’ গানে কাজ করতে পেরে ভালো লেগেছে। এটি আমার সঙ্গে অংশু ভাইয়ের প্রথম কাজ। তার মিউজিক ভিডিও সব সময়ই দৃষ্টিনন্দন হয়। খুব বেশি মিউজিক ভিডিও করা হয়নি আমার, তবে এই কাজটি আলাদা অভিজ্ঞতা। গানটির মধ্যে ফান ও উৎসবের একটা দারুণ ভাব রয়েছে, যা দর্শকদের ভালো লাগবে।"
ভিডিওটি নিয়ে অংশু বলেন, "এটি মূলত গল্পভিত্তিক কোনো ভিডিও নয়, বরং একটি আনন্দময়, ফান-লাভিং গান। ‘চুমকি চলেছে একা পথে’ গানটির ঐতিহ্য মাথায় রেখেই নতুনভাবে ভিডিওটি নির্মাণ করা হয়েছে। সেট, কস্টিউম এবং পারফরম্যান্স সবকিছুতেই সেই সময়ের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।"