১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘শিল্পকলার মোজাম্মেল’ আর ফিরবেন না শিল্পকলায়

চায়ের দোকান থেকে নাট্যকর্মীদের অনেকের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। নাট্যদলের মহড়া, নাট্য উৎসবের নেপথ্য কাজে মোজাম্মেলকে পাওয়া যেত অগ্রভাগে।

‘শিল্পকলার মোজাম্মেল’ আর ফিরবেন না শিল্পকলায়
মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 12:55 AM

Updated : 26 Aug 2026, 01:21 PM

শিল্পকলা বা নাটকের দলের কেউ তিনি নন, তবু নাট্যাঙ্গনের মানুষদের কাছে ফুটপাতে চা দোকানি মোজাম্মেল হক ছিলেন অতি আপনজন। 

ছিলেন; মানে এখন আর তিনি নেই। নৌ-দুর্ঘটনায় মোজাম্মেলের মৃত্যুর খবরে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির ফুটপাতে চায়ের দোকান মোজাম্মেলের। জাতীয় নাট্যশালার প্রবেশ গেইট দিয়ে ঢুকে বাঁ পাশের জায়গাটিকে কেউ কেউ ‘মোজাম্মেলের চায়ের দোকান’ বলেও চেনে।

চায়ের দোকান থেকে নাট্যকর্মীদের অনেকের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই), ঢাকা থিয়েটার, গ্রুপ থিয়েটার ফেডারেশনসহ নাট্যদলের মহড়া, নাট্য উৎসবের নেপথ্য কাজে মোজাম্মেলকে পাওয়া যেত অগ্রভাগে।

সেই মোজাম্মেল আর ফিরবেন না শিল্পকলায়। বুধবার রাত সাড়ে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার মৃত্যুর খবরটি জানিয়েছেন শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (নাটক) শেখ মুহম্মদ এহসানুর রহমান।

তিনি বলেন, "গত শুক্রবার মোজাম্মেল বন্ধুদের সঙ্গে মাওয়া ঘাটে গিয়েছিল। স্পিড বোটে নদী পার হওয়ার সময় ওদের বোটের সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষ হয়। মোজাম্মেল স্পিড থেকে নদীতে পড়ে যায়। সঙ্গীদের উদ্ধার করা সম্ভব হলেও মোজাম্মেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না।"

তখন থেকেই নাট্যাঙ্গনের অনেকে খোঁজ নিচ্ছিলেন মোজাম্মেলের। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না তাকে। বুধবার রাত ৮টার দিকে স্থানীয় পুলিশ তার পরিবারকে জানায়, মোজাম্মেলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

এহসানুর রহমান বলেন, "মোজাম্মেলের সঙ্গে থাকা আইডি কার্ড, মানিব্যাগ এবং ওর পোশাক দেখে লাশ সনাক্ত করা হয়েছে। রাতেই মোজাম্মেলের মরদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জে নেওয়া হবে, সেখানেই দাফন করা হবে।"

নাট্যশিল্পী শাহজাদা সম্রাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোজাম্মেল শুধু চা বিক্রেতা নয়, নাট্যকর্মী ছিলেন। বিভিন্ন নাট্যদলের মহড়ায় কিংবা প্রদর্শনীর সময় চা সরবরাহ করা এবং নেপথ্যে নানা কাজে যুক্ত ছিলেন। নাট্যাঙ্গনের প্রায় সবাই মোজাম্মেলকে চিনতেন। চা বিক্রির বাইরেও নানাভাবে নাট্যাঙ্গনে বিচরণের কারণেই মোজাম্মেল সবার প্রিয় হয়ে উঠেছিলেন।"

মোজাম্মেল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা থিয়েটার, থিয়েটার পত্রিকা ক্ষ্যাপা, থিয়েটার আর্টিস্টস অ্যাসোসিয়েশন (টাড)।

নাট্যনির্দেশক ও অভিনেতা মোহাম্মদ বারী ফেইসবুকে লিখেছেন, "শিল্পকলায় গিয়ে তোর হাসিমুখ আর ভাই সম্বোধন দেখতে বা শুনতে পাব না- এ সত্য মানা কঠিন।"

সাংস্কৃতিক সংগঠক নাসির উদ্দীন ইউসুফসহ অনেক নাট্যকর্মী ফেইসবুকে মোজাম্মেলের মৃত্যুর খবর শেয়ার করে শোক প্রকাশ করেছেন।