Published : 04 Jun 2025, 06:00 PM
ভারতে পুরনো জনপ্রিয় সিনেমা নতুন করে মুক্তি দেওয়ার হিড়িকে এবার আসছে ‘বেদের মেয়ে জোসনা’।
এই সিনেমাটি ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে এতটাই ‘হিট’ হয়েছিল যে সেটি পুনর্নিমাণ করতে হয় পশ্চিমবঙ্গের কলকাতাতেও; এবং সেখানেও ‘হিট’ হয়।
১৯৮৯ সালে ঢাকায় মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, মিঠুন, ফারজানা ববি, নাসির খান, সাইফুদ্দিন, প্রবীর মিত্র, শওকত আকবর, রওশন জামিল, দিলদারসহ আর অনেকে।
কলকাতায় ১৯৯১ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় নায়িকা হিসেবে অঞ্জু ঘোষ থাকলেও বদলে যান নায়ক। ইলিয়াস কাঞ্চনের পরিবর্তে অভিনয় করেন চিরঞ্জিৎ চক্রবর্তী, কৌশিক বন্দোপাধ্যায়সহ আরও অনেকে।
চিরঞ্জিৎ পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম ‘এই সময়’কে বলেছেন সিনেমাটি ফের প্রেক্ষাগৃহে আনতে প্রযোজকের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা সারা হয়েছে। তবে ১৯৯১ সালে মুক্তির পর এই সিনেমা কলকাতায় ১৯৯৯ সালেও একবার মুক্তি দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন চিরঞ্জিৎ।
তিনি বলেছেন, ঝকঝকে প্রিন্টে, উন্নত সাউন্ডে দর্শকেরা ‘বেদের মেয়ে জোসনা’ উপভোগ করতে পারবেন।
চিরঞ্জিতের কথায়, “আবারও আসুক ‘বেদের মেয়ে জোসনা’। সিনেমাটি যে ম্যাজিক করেছিল, আমি চাই সেটা রিপিট করুক। এই যুগেও যদি চলে, তা হলে বুঝব, আজও ওই সিনেমার দম আছে।“
তিনি বলেন, “’বেদের মেয়ে জোসনার নেগেটিভ ডিজিটালে কনভার্ট করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে সিনেমাটি আবার হলে আসবে।"

ভারতীয় সিনেমা বিশ্লেষকরাও মনে করেন, নতুন সিনেমার সঙ্গে বিশ বা ত্রিশ বছর আগের সাড়া ফেলা সিনেমাগুলো হলে ফের মুক্তির ব্যবস্থা করলে সেটি অর্থনীতিতে অবদান রাখে। তাই বলিউডে পুরনো হিন্দি সিনেমার ফের মুক্তির প্রচলন শুরু হয়েছে বছর খানেক ধরে।
পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও। গেল বছর প্রেক্ষাগৃহে আসে কালজয়ী নির্মাতা সত্যজিৎ রায়ের ‘মহানগর’, এ বছরে মুক্তি পায় এই নির্মাতার ‘নায়ক’। এবারের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ‘অরণ্যের দিনরাত্রির’ ফোর-কে সংস্করণ, যা শিগগিরই আসবে শহরের কয়েকটি প্রেক্ষাগৃহে।
কদিন আগে মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রেক্ষাগৃহে আনা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের ক্যারিয়ারের প্রথম দিকের সুপারহিট সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’।
চিরঞ্জিৎ মনে করেন, বাংলা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে ‘নায়ক নির্ভর’ বাণিজ্যিক সিনেমা বানাতে হবে।
'বেদের মেয়ে জোসনা' ভাবিয়েছিল সত্যজিৎকেও!
এই অভিনেতার কথায়, “হলগুলোর অবস্থা খুবই শোচনীয়। পুরোনো সিনেমার রি-রিলিজে হলগুলোকে অক্সিজেন জোগাতে পারবে না।"
তবে তিনি আশাবাদী। ‘শ্বশুরবাড়ি জ়িন্দাবাদ’ ফের মুক্তিতে কেমন ব্যবসা করে, সে দিকে তাকিয়ে আছেন চিরঞ্জিৎও।
তিনি বলেন, “প্রসেনজিতের এই সিনেমা একসময়ে ২০-৩০ টাকার টিকেটে দেখেছিলেন দর্শক। এখন তো সব কিছুই খুব খরচসাপেক্ষ। সেই টিকিট ২০০-৩০০ টাকায় কেটে দর্শক দেখেন কী না, সেটাও তো পর্যবেক্ষণের বিষয়। সেটাও একটা এক্সপেরিমেন্ট।"
এক্ষেত্রে আর ‘বেদের মেয়ে জোসনা’ নিয়ে চিরঞ্জিৎ বলেন, “এই সিনেমা আসলে একটি ফেয়ারি টেল। নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে এই সিনেমা তৈরি হয়নি। এই গল্পের কোনো বয়সও নেই। সব যুগেই চলতে পারে।"
চিরঞ্জিৎ বলেছেন পশ্চিমবঙ্গে প্রথমবার মুক্তির সময়ে ১১ কোটি টাকার ব্যবসা করেছিল ‘বেদের মেয়ে জোসনা’। টিকেটের দাম ছিল মাত্র দেড় টাকা। ১৯৯৯ সালে এই সিনেমা রি-রিলিজ করা হয়, সেই সময় ৯ কোটি টাকার ব্যবসা করেছিল।"
‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার সিকুয়েল আসতে পারে কী না জানতে চাইলে চিরঞ্জিৎ তেমন কোনো আশা দেখাননি। এবারে মুক্তির পর সিনেমাটি কেমন ব্যবসা করে, তার ওপর বাদবাকি বিষয় নির্ভর করছে বলে জানিয়েছেন এই অভিনেতা।