Published : 25 Jan 2026, 09:35 PM
গীতিকার গোলাম মোর্শেদের কথায়, গিটারিস্ট লাবু রহমানের সুরে এবং ফাহমিদা নবীর কণ্ঠে রেকর্ড হয়েছে গান ‘উড়ি’।
রোজার ঈদে 'গান জানালা' চ্যানেল থেকে প্রচার আসবে গানটি। মোহাম্মদপুরে একটি স্টুডিওতে নভেম্বরে রেকর্ড করা হয়েছে গানটি।
'যদি এই মন তোমায়, দিয়ে বলো চলো উড়ে যাই, তুমি , ঠিক বলবে কি, ভালবাসার সাথী হতে চাই, তাহলে চলো আজ উড়ি' এমন কথায় সাজানো হয়েছে গানটি।
'উড়ি' গানটি তৈরির নেপথ্যের গল্প গ্লিটজকে বলেছেন গীতিকার মোর্শেদ।
তিনি বলেন, "লাবু রহমানের সাথে আমার পরিচয় ১৯৯৭ সাল থেকে, তারপর আমাদের সম্পর্ক গভীর পারিবারিক বন্ধনে রূপ নেয়। লাবু ভাই একজন সাদা মনের মানুষ, উনার মত দক্ষ গিটারিস্ট ও মিউজিশিয়ান খুব কমই আছে। উনার সঙ্গে আমার গল্প হয় দেখা হয় নানান কিছু নিয়ে আলোচনা হয়। কিন্তু তিনি সচরাচর গানের সুর করা নিয়ে কথা বলতেন না।"
একসঙ্গে অনেকগুলো গানের সুর করে রেখেছেন লাবু রহমান। তা জানিয়ে এই গীতিকার বলেন, "প্রায় এক বছর আগে একদিন লাবু ভাই বললেন, 'মোর্শেদ ভাই অনেক তো মিউজিক করলাম, এবার গানের সুরেও একটু হাত দেই'। শুনে খুব ভালো লাগল। আমিও বললাম, আগে তো গানের সুর করেছেন, আবার নতুন করে সুর করলে তো ভালো হয়।”
"উনি বললেন 'আপনার লেখায় সুর করব'। তিনি প্রাথমিকভাবে ৫০টি গান তৈরির একটি বড় লক্ষ্য নিয়ে কাজ শুরু করতে চান।”
এর পর এক ধাক্কায় প্রায় ৮ থেকে ১০টি গান তৈরি করা হয় বলে জানিয়েছেন গীতিকার মোর্শেদ।
“আমি লিখলাম উনি সুর করলেন। 'উড়ি' গানটি তার মধ্যে একটি গান।"
গানটি নিয়ে প্রত্যাশার কথাও জানিয়ে তিনি। বলেন, "ফাহমিদা নবীর সঙ্গে তো দীর্ঘ সময় ধরে আমার কাজ করা, মাঝখানে কাজ হয়নি, এখন আবার হচ্ছে এটা আনন্দের। লাবু রহমানও এই কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। গানটি শ্রোতাদের ভালো লাগবে এটা আশা করছি।"
‘উড়ি’ নিয়ে লাবু রহমান বলেন, "অনেকগুলো গানের সুর করা আছে, সেগুলো মনে হলো কাউকে দিয়ে করিয়ে ফেলা দরকার। ফাহমিদা নবী এত সুন্দর গান করে, উড়ি গানটিও দারুণ হয়েছে। প্রকাশ পেলে সবার ভালো লাগবে।"
লাবু রহমানের সঙ্গে ফাহমিদা নবীর এটি প্রথম কাজ। গানটি গাওয়ার অভিজ্ঞতার গল্প করেছেন ফাহমিদা নবী।
"লাবু রহমানের সুরে এটা আমার প্রথম গান। লাবু ভাইয়ের সঙ্গে তো দীর্ঘদিনের সুসম্পর্ক, তবে গান গাওয়ার সুযোগ হয়নি। গানটি অনেক সুন্দর, অনেকটা ব্যান্ড ঘরানার সুর। যখন গানটি রেকর্ডিংয়ের জন্য যাই লাবু ভাই গানটি গাওয়ার জন্য আমাকে বেশ স্বাধীনতা দিয়েছেন।
"অনেক সময় আমরা গান করতে গেলে সুরকার যেমন সুর করেছেন তেমনই গাইতে হয়। তবে লাবু ভাই ‘ব্যান্ড স্টাইলে’ গানটি করেছেন, আমিও নিজের মত গেয়েছি। গানটি অসাধারণ হয়েছে। দর্শকের খুব ভালো লাগবে।"
এদিকে, গোলাম মোর্শেদের কথার আরও তিনটি গান করেছেন ফাহমিদা নবী। গানগুলো হলো 'দুঃখের দলিল’, ‘তাই করি’ এবং ‘আসলো না বৃষ্টি’।
ঈদে এই শিল্পীর চ্যানেল থেকে প্রচার হবে আরও কয়েকটি গান। গানগুলো হলো ‘অশ্রু নাম বৃষ্টি’, ‘ইচ্ছে করে’,।
এছাড়া নিজস্ব সুরে আরও একটি গান তৈরি করছেন ফাহমিদা। ঈদ ঘিরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তেও একটি দেশাত্মবোধক গানে পাওয়া যাবে এই শিল্পীকে।