Published : 28 Jun 2026, 04:17 PM
দুই বছরের বিরতির পর আবারও দ্বৈত কণ্ঠে নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী তপন চৌধুরী ও কণ্ঠশিল্পী রোমানা জান্নাতে তিথি।
‘এই রাত যেন শেষ না হয়’ শিরোনামের গানটি শোনা যাচ্ছে শিল্পীর ফেইসবুক ও ইউটিউবে চ্যানেলে।
গানটি লিয়াকত আলী রতনের কথায় সুর করেছেন রিপন চৌধুরী।
গানটির সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের এবং মিক্সিং-মাস্টারিংয়ে ছিলেন রোজেন রহমান।
গানটি নিয়ে তপন চৌধুরী বলেন, “গানটির কথা, সুর ও সংগীতায়োজন খুবই চমৎকার হয়েছে। রিপন চৌধুরীর সুর আর ফোয়াদ নাসেরের সংগীতায়োজনের পরিশ্রম ও আন্তরিকতায় সমৃদ্ধ এই গানটি খুবই শ্রুতিমধুর।”
গানটি নিয়ে তপন চৌধুরীর ভাষ্য, তিনি তার ‘পুরোটা দিয়েই গেয়েছেন’।
আর সহশিল্পীকে নিয়ে তিনি বলেন, “তিথিও খুব ভালো গেয়েছে। গানটির কথার সাথে অনুভব ফুটিয়ে তোলার সর্বাত্বক চেষ্টা ছিল। আশা করছি গানটি শ্রোতাদের পছন্দ হবে।”
দুই বছর আগে এই তপন ও তিথি জুটির প্রথম গান ‘কিছুটা সময় কাছে থাকার মতো’ প্রকাশ হয়েছিল।
গানটির সুরকার রিপন চৌধুরী বলেন, “বর্তমান সময়ে ভিউ বাড়ানোর প্রতিযোগিতার মাঝেও আমরা গানের নান্দনিকতা ও শ্রোতাদের রুচির বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। তপন চৌধুরী ও তিথি দুজনই গানটি খুব যত্ন নিয়ে গেয়েছেন।”