Published : 06 Jun 2026, 11:38 PM
‘জুমানজি’, ‘টপ গান: ম্যাভেরিক’, ‘দ্য এক্স-ফাইলস’ ও ‘দ্য ওয়েস্ট উইং’-এর মত জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি সিরিজের অভিনেতা জেমস হ্যান্ডি আর নেই।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার টারজানা এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এই অভিনেতা; তার বয়স হয়েছিল ৮১ বছর। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
বিবিসি জানিয়েছে, গত বুধবার নিজের বাড়ির সামনের বাগানে হ্যান্ডিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অভিনেতার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা হ্যান্ডিকে মৃত ঘোষণা করেন।
গেল বুধবার সকালে হ্যান্ডির বাড়ি থেকে জরুরি সেবা নম্বর-৯১১ নম্বর এ একটি ফোন আসে। ওই ফোনে এক ব্যক্তি বলেন, “আমি এই মাত্র পাপী মানুষটিকে হত্যা করেছি।”
ওই সময় নিজেকে ‘ঈশ্বরের পুত্র’ হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিনেতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। তখন তার বুকে ছুরি গেঁথে ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর গ্লেডহিল নিজেই কর্মকর্তাদের কাছে গিয়ে বলেন, তাকেই খোঁজা হচ্ছে। পরে গ্লেডহিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

তদন্তে উঠে এসেছে অভিনেতা হ্যান্ডির প্রেমিকার ছেলে হলেন গ্লেডহিল। তিনি তার মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন। কিন্তু গ্লেডহিল ঠিক কী কারণে হ্যান্ডিকে খুন করেছেন, তা জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, হ্যান্ডির মৃত্যুর তদন্ত চলমান রয়েছে। তদন্তকারীদের ধারণা, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং সাধারণ মানুষের জন্য হুমকির কোনো বিষয় এর মধ্যে নেই।
হ্যান্ডির জন্ম, তাকে হলিউডের অন্যতম ব্যস্ত চরিত্রাভিনেতাদের একজন বলা হয়। প্রায় ছয় দশকের ক্যারিয়ারে তিনি শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন।
হ্যান্ডি ক্যারিয়ে প্রধান চরিত্রে কম অভিনয় করেছেন, তবে পর্দায় তার উপস্থিতি দর্শকদের কাছে ছিল পরিচিত ও স্মরণীয়। জনপ্রিয় টিভি সিরিজ ‘এনওয়াইপিডি ব্লু’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘সিএসআই: এনওয়াই’, ‘ক্যাসল’, ‘দ্য ওয়েস্ট উইং’ ইত্যাদি প্রকল্পে হ্যান্ডি অভিনয় করেছেন।
১৯৯০ সালের ‘আরাকনোফোবিয়া’, ১৯৮৯ সালের ‘জুমানজি’ ও ‘লোগান’-এ অভিনয় করেছেন হ্যান্ডি। তার সর্বশেষ উল্লেখযোগ্য চলচ্চিত্র ছিল ‘টপ গান: মাভেরিক’। সেখানে তিনি ‘জিমি’ নামের এক বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হলিউডের অনেক অভিনেতা ও নির্মাতা।