Published : 18 May 2026, 08:54 PM
পোস্টার, ট্রেইলার প্রকাশ করে নির্মাতা রশিদ পলাশের 'রঙবাজার' নামের যে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছিল, সেটি হঠাৎ করেই ওটিটিতে মুক্তি পেয়েছে।
নির্মাতা গ্লিটজকে বলেছেন, সিনেমাটি ‘পাইরেসি’ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই তড়িঘড়ি ওটিটিতে দিতে হয়েছে।
রশিদ পলাশ বলেন, “প্রায় সাত-আট দিন আগে সিনেমাটি অনলাইনে পাইরেসি হয়ে বিভিন্ন পেইজ ও প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এরপর প্রযোজনা সংস্থা প্রথমে অনলাইন থেকে পাইরেটেড কনটেন্ট সরানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেটি ব্যাপকভাবে ছড়িয়ে যায়।”
পাইরেসির কারণে ক্ষতি আরও বাড়ার আশঙ্কায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমেটিক’ এ মুক্তি দেওয়া হয়েছে।
পলাশ বলেন, “যখন এটি ছড়িয়ে পড়ল তখন প্রযোজনা সংস্থা সিদ্ধান্ত নিল হলে মুক্তি না দিয়ে ওটিটিতে মুক্তি দিয়ে দেওয়ার, যেন কিছুটা লগ্নি উঠে আসে।”
এই ঘটনায় কোনো ব্যবস্থা নিয়েছেন কী না জানতে চাইলে এই নির্মাতা বলেন, “বিগত সময়ে আমরা দেখেছি সিনেমা হলে রিলিজ পাওয়ার পর সেটা পাইরেসি হয়ে যায়। যেহেতু আমার সিনেমাটি হলে রিলিজ পায়নি, তাই এটি টিমের ভেতরের কারও মাধ্যমেই বাইরে গেছে বলে ধারণা করা হচ্ছে।
“নিজেদের লোকজন ছাড়া সিনেমাটি বাইরে যাওয়ার সুযোগ ছিল না। আমরা বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করছি। প্রযোজনা সংস্থা বেশ কঠোরভাবেই এটি দেখছেন। তবে ক্ষতিটা তো আর পুষিয়ে নেওয়া যাবে না। তাই ওটিটিতে মুক্তি দেওয়া।”
একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে প্রায় তিন বছর আগে 'রঙবাজার' বানানোর কাজ শুরু করেন পলাশ। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী।
সিনেমার গল্প নিয়ে গ্লিটজকে পলাশ বলেছিলেন, “সিনেমায় টানবাজারের (নারায়ণগঞ্জের এক সময়ের যৌনপল্লী) উচ্ছেদ পরিকল্পনা এবং উচ্ছেদ পরবর্তী কী পরিস্থিতি তৈরি হয়েছিল সেসব গল্প আমরা সিনেমায় তুলে ধরেছি। সিনেমায় বেশকিছু স্পর্শকাতর জায়গা আছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে উঠে এসেছে।”
চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা।
পলাশের ভাষ্য, “নারায়ণগঞ্জকে ‘পাপ মুক্ত’ করতে টানবাজার ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু সেই পাপ মুক্ত করতে গিয়ে যে পুরো পাপটি সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটার পেছনেও যে রহস্য ছিল সেই গল্পটা আমরা বলার চেষ্টা করেছি।”
‘রঙবাজারে’ কাজ করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সিনেমার শুটিং হয়েছে।
লাইভ টেকনোলজি প্রযোজিত ‘রঙবাজারে’ তিনটি গান রয়েছে। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।