Published : 21 Jul 2025, 06:07 PM
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি শোক জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, নাটক-সিনেমার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, তাসনিয়া ফারিণ, তর্মা মির্জা, সাদিয়া আয়মান অভিনেতা সজল নূর, জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব, পরিচালক চয়নিকা চৌধুরী, সংগীতশিল্পী আঁখি আলমগীরসহ আরো অনেকে।
আহতের সুস্থতা কামনা করে শাকিব পোস্টে লিখেছেন, “মহান আল্লাহ যেন পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।“

উত্তরার দিয়াবাড়ির এলাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ‘অত্যন্ত দুঃখজনক’ বর্ণনা করে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, “সবার জন্য দোয়া চাই। সবার জন্য দোয়া রইল।”
অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, “মাইলস্টোনের জন্য দোয়া।”
সবার নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন অভিনেতা সজল নূর।
ফেইসবুকের পোস্টে অভিনেতা জিয়াউল হক অপূর্ব অনুরোধ জানিয়ে লিখেছেন, কেউ যেন আহত বা দগ্ধ শিক্ষার্থীদের ছবি বা ভিডিও সোশাল মিডিয়ায় না প্রকাশ করেন।
সংবাদ সংগ্রহের জন্য কেউ যেন আহতদের অভিভাবককে কোনো প্রশ্ন না করেন সেই আকুতি রেখেছেন পরিচালক চয়নিকা চৌধুরী।
শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য রক্তের প্রয়োজন হচ্ছে। রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা তৌসিভ মাহবুব।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের জন্য রক্তের গ্রুপের কথা জানিয়ে পোস্ট দিয়েছেন অভিনেত্রী তমা মির্জা।
রক্ত দিয়ে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।
বিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্ক এবং শোকের কথা লিখেছেন সংগীত শিল্পী আঁখি আলমগীর।
উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে; আহত ও দগ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
মাইলস্টোন কলেজে আছড়ে পড়ল বিমান বাহিনীর উড়োজাহাজ, নিহত অন্তত ১৯