১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিল্পকলায় ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও সংগীত পরিবেশনা

সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে এই আয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 12:39 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

আধুনিক নগরজীবনের শব্দ, প্রযুক্তি ও সৃজনশীলতার মেলবন্ধন ঘটাতে ‘নতুন শব্দ: ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও মঞ্চ পরিবেশনা’ নামের বিশেষ আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

 শনিবার একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ও প্রযোজনা বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

সার্বিক সহযোগিতায় রয়েছে ইলেকট্রনিক সংগীত শিল্পীদের সংগঠন ‘ব্রেকফাস্ট ক্লাব’।

বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানায়, শনিবার বেলা ১১টা থেকে একাডেমি’র জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে এই আয়োজন। দিনব্যাপী কর্মসূচিকে দুইটি পর্বে ভাগ করা হয়েছে।

প্রথম পর্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক মিউজিকের ওপর একটি বিশেষ কর্মশালা। তরুণ ও উদীয়মান সংগীতশিল্পী ও সাউন্ড আর্টিস্টদের জন্য আয়োজিত এই কর্মশালায় ইলেকট্রনিক সংগীতের মৌলিক ধারণা, সাউন্ড ডিজাইন, বিট-মেকিং, লাইভ সেটআপ এবং সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহারের প্রাথমিক কৌশল শেখানো হবে। 

এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন শাদওয়ান চৌধুরী, নাজমুস সাকিব ও হাসিব মাহমুদ।

এরপর দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত থাকবে দেশের ইলেকট্রনিক মিউজিকচর্চায় সক্রিয় শিল্পী ও সাউন্ড আর্টিস্টদের লাইভ পরিবেশনা। 

নিজস্ব সৃজনশীল কম্পোজিশন, লাইভ সেট ও পরীক্ষাধর্মী সাউন্ডওয়ার্কের মাধ্যমে শিল্পীরা নগরজীবনের বহুবর্ণ অভিজ্ঞতা ও মানবিকবোধকে সংগীতের মাধ্যমে তুলে ধরবেন।

শিল্পকলা জানিয়েছে, ইলেকট্রনিক সংগীতকে শুধুমাত্র বিনোদন নয়, বরং একটি সৃজনশীল ও চিন্তাশীল শিল্পমাধ্যম হিসেবে তরুণ প্রজন্মের সামনে উপস্থাপন করাই এই আয়োজনের মূল লক্ষ্য।