Published : 20 Jul 2025, 04:04 PM
ব্রিটিশ দখলদারিত্বের বিরুদ্ধে চট্টগ্রাম যুব বিদ্রোহের নেতা বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের
বিচার ও হত্যাকাণ্ড নিয়ে তৈরি ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের প্রদর্শনী নিয়ে আসছে নাট্যদল ঢাকা পদাতিক।
রোববার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে এই প্রদর্শনী। এটি দলের ৩৮তম প্রযোজনার ৩৮তম প্রদর্শনী।
‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নির্দেশনার দায়িত্বে আছেন অভিনেতা নাদের চৌধুরী।

নাদের চৌধুরী বলেন, “‘মাস্টারদা সূর্যসেন’ নাটকের প্রধান চরিত্রটি আমি রূপায়ণ করছি। ঐতিহাসিক এই নাটক আমাদের এখনকার জেনারেশনের দেখা উচিত।”
এ নাটকে ৪০টি চরিত্র রয়েছে, যার মধ্যে আছে প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেনের মত চরিত্র।
চরিত্রগুলো মঞ্চে তুলে ধরছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নানটু, হাসনাহেনা শিল্পী, মামুন উর রশিদ, শ্যামল হাসান, সাবিহা জামান, আক্তার হোসেন, তারেক আলী মিলন, আতিক, মিলটন আহমেদ।
২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। গত বছর দিল্লিতেও এর দুটি প্রদর্শনী হয়েছে।
১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ হয়। নগরীর দামপাড়া এলাকায় তৎকালীন পুলিশ ব্যারাকের অস্ত্রাগার দখল করে নেন বিপ্লবীরা। সেখানেই অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়।
এরপর চার দিন স্বাধীন ছিল চট্টগ্রাম। পরে ২২ এপ্রিল জালালাবাদ পাহাড়ের যুদ্ধে ইংরেজ বাহিনীর সাথে মুখোমুখি লড়াই হয়। তিন ঘণ্টার সেই যুদ্ধে ৮২ জন ব্রিটিশ সৈন্য নিহত হয় এবং ১২ জন বিপ্লবী শহীদ হন।