'বৈঠকখানায়' মিল্টন খন্দকারের কথা ও সুরে গাইবেন চার শিল্পী
চারজন শিল্পীকে নিয়ে দুইটি গানের রেকর্ডিং শেষ হয়েছে রোববার।
বাংলাদেশ টেলিভিশন-বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান 'বৈঠকখানায়' এবার গান গাইবেন চার শিল্পী।
তারা হলেন- সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। মেহেদী ও আফরোজ দ্বৈতভাবে গেয়েছেন ‘প্রেমের ঘর’ শিরোনামের গান।
আর সাব্বির ও লুইপা গেয়েছেন ‘ভালোবাসা পাওয়া’ শিরোনামের গান।
চলতি সপ্তাহে বিটিভিতে গান দুইটির রেকর্ডিং হয়েছে। দুটো গানই লিখেছেন মিল্টন খন্দকার, এবং সুর ও সংগীতায়োজনও তারই করা।
বিজ্ঞপ্তিতে মিল্টন খন্দকার জানিয়েছে, ‘প্রেমের ঘর’ গানের মাধ্যমে দুই যুগের বেশি সময় পর তার কথা ও সুরে গান গাইলেন সোহেল মেহেদী। সাব্বির ও লুইপা এর আগেও তার কথা ও সুরে গান গেয়েছেন বলে জানিয়েছেন এই গীতিকার ও সুরকার। তবে বেলী আফরোজ প্রথমবার গাইলেন মিল্টনের সঙ্গে।
চলতি মাসে বিটিভিতে প্রচার হবে বৈঠকখানার নতুন পর্বটি। তবে তারিখ ও সময় এখনো চূড়ান্ত হয়নি।
মিল্টনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে সোহেল মেহেদী বলেন, "রাজধানীতে এসে প্রথম যার ছায়াতলে আশ্রয় নিয়েছিলাম, তিনি মিল্টন খন্দকার। সেই মানুষটির কথা ও সুরে দীর্ঘদিন পর কাজ হল। খুব উচ্ছ্বসিত আমি। এখন থেকে আমাদের নিয়মিত কাজ হবে বলে আশা করি।"
লুইপা বলেন, তিনি আগেও মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গেয়েছেন।
“তবে এবারের গানটি অনেক বেশি সুন্দর। আশা করছি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে অনুষ্ঠানটি।”
