১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বছর শেষে আসছে শিরোনামহীনের 'এই অবেলায় ২'

গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম বিভিন্ন লোকেশনে।

বছর শেষে আসছে শিরোনামহীনের 'এই অবেলায় ২'
'এই অবেলায় ২' গানের পোস্টার। ছবি: জিয়াউর রহমান জিয়ার সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 09:36 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্যান্ড 'শিরোনামহীন' ঘোষণা করেছেন তাদের শ্রোতাপ্রিয় 'এই অবেলায়' গানের সিকুয়েল আসতে চলেছে।

দলটির 'বাতিঘর' অ্যালবামের শেষ গান হিসেবে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মুক্তি 'এই অবেলায় ২'।

ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়া গ্লিটজকে জানিয়েছেন, ‘এই অবেলায়’ গানের সিকুয়েল নির্মাণ করার জন্য একটি পৃষ্ঠপোষকের সহযোগিতার অপেক্ষায় ছিলেন তারা। 

অবশেষে ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান ‘দি প্রিমিয়াম হোমস লিমিটেড’। 

'শিরোনামহীন' ব্যান্ডের শিল্পীরা। ছবি: জিয়াউর রহমান জিয়ার সৌজন্যে। 

'শিরোনামহীন' ব্যান্ডের শিল্পীরা

জিয়া আরও জানিয়েছেন, গানটি একই দিনে বাংলা ও ইংরেজি দুই ভার্সনেই প্রকাশ পাবে। গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম বিভিন্ন লোকেশনে। ভিডিওটিতে মডেল হিসেবে থাকছেন উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান। এছাড়া কিছু দৃশ্যে ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবকে স্থিরচিত্রে দেখা যাবে। 

'এই অবেলায় ২' এর কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন।

এদিকে প্রথমবারের মত কানাডার টরন্টোতে এক কনসার্টে পারফর্ম করতে যাচ্ছে দলটি। নভেম্বরের ১ তারিখ সেখানে পারফর্ম করবে তারা। কনসার্টে অংশ নিতে সোমবার রাতে দেশ ছাড়বেন শিরোনামহীন।  

শিরোনামহীনের লাইনআপে আছেন জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু।