১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাহিকে নিয়ে ‘গ্যাড়াকলে’ দিনার ও তানভীর

মিস্ট্রি-থ্রিলার ঘরানায় এই ফিকশনটি বৃহস্পতিবার থেকে দেখা যাবে।

মাহিকে নিয়ে ‘গ্যাড়াকলে’ দিনার ও তানভীর
‘গ্যাড়াকলের’ পোস্টার। ছবি: চরকির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

প্রেম আর নিয়তির প্যাঁচে জড়িয়ে থাকা গল্পে ওটিটিতে আসছে ফিকশন ‘গ্যাড়াকল’।

মিস্ট্রি-থ্রিলার ঘরানায় এই ফিকশনটি বৃহস্পতিবার থেকে দেখা যাবে চরকিতে। রাকায়েত রাব্বি নির্মাণে ‘গ্যাড়াকলের’ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার, সামিরা খান মাহি ও আবু হুরায়রা তানভীরকে।

ফিকশন মুক্তি ঘিরে মঙ্গলবার প্রকাশ্যে আসে ট্রেইলার। যেখানে দেখা যায় ক্যাম্পাস, ভালোবাসা, ন্যায়–অন্যায় আর বিভ্রমে জড়ানো কিছু সম্পর্কের টানাপড়েন। শুরুতেই শোনা যায় সংলাপ ‘সত্য ততটুকু সত্য নয়, যতটা চোখে দেখা যায়।’ 

‘গ্যাড়াকলের’ দৃশ্যে সামিরা খান মাহি। ছবি: চরকির সৌজন্যে। 

‘গ্যাড়াকলের’ দৃশ্যে সামিরা খান মাহি

'গ্যাড়াকলের' গল্প এগিয়েছে রিমি, অনিক ও মোশতাককে ঘিরে। ছুটি কাটাতে রিমি আর অনিক বেড়াতে যায়। সেখানে রিমির পরিচয় হয় মোশতাক নামের এক চিত্রশিল্পীর সঙ্গে। তারা একে-অপরের কাছে আসতে থাকে। ভেঙে পড়তে শুরু করে রিমি-অনিকের সম্পর্ক। 

অন্যদিকে মোশতাকেরও তার স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু হয়। সম্পর্কগুলোর এই জটিলতায় এগিয়ে যাবে এই ফিকশনে। 

বিজ্ঞপ্তিতে নির্মাতা রাকায়েত রাব্বি বলেন, "জীবনে তো কত রকমের ঘটনা ঘটে। সেসব ঘটনার অনেক কিছুই বলা যায় না, প্রকাশ করা যায় না। কিন্তু এর প্রভাব রয়ে যায় সারা জীবন। এমনই একটি ঘটনার বর্ণনা রয়েছে গ্যাড়াকলের গল্পে। শিক্ষাজীবন এবং পরবর্তী সময়ের কথা বলা হয়েছে এখানে। ভালো লাগবে দর্শকদের।"  

রিমি চরিত্র নিয়ে সামিরা খান মাহির ভাষ্য, "গ্যাড়াকলে আমার চরিত্রটি একটু রহস্যময়। বেশির ভাগ সময় আমাকে দেখা যাবে ফ্যাশনেবল লুকে। অল্প সময়ের জন্য আমি আবার ভিন্ন লুকে হাজির হব। দর্শকেরা প্রথমে চরিত্রটিকে ভুল বুঝলেও পরে কারণটা বুঝতে পারবেন।" 

‘গ্যাড়াকলের’ দৃশ্যে ইন্তেখাব দিনার। ছবি: চরকির সৌজন্যে।

‘গ্যাড়াকলের’ দৃশ্যে ইন্তেখাব দিনার

'গ্যাড়াকল' ফিকশনের আরও অভিনয় করেছেন সুষমা সরকার, হুমায়রা স্নিগ্ধা, শিহাব, সাদি শুভ প্রমুখ। নাজিম উদ দৌলার গল্প ও সংলাপে গ্যাড়াকলের চিত্রনাট্য রচনা করেছেন রাকায়েত রাব্বি।