Published : 28 May 2026, 09:48 AM
কোরবানির ঈদকে ঘিরে দেশের সংগীত জগতে প্রকাশ পাচ্ছে একগুচ্ছ নতুন গান। হাবিব ওয়াহিদ-কায়ার ২২ বছর পর পুনর্মিলন থেকে শুরু করে বালাম, নুসরাত ফারিয়া, আসিফ আকবরসহ একাধিক শিল্পীর নতুন কাজ আসছে এই ঈদে। পাশাপাশি আছে নতুন শিল্পীদের গানও।
প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া ও প্রকাশের অপেক্ষায় থাকা এসব গানের খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
হাবিব ওয়াহিদের ‘কই রইলা রে’
প্রকাশ পাচ্ছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও কায়া জুটির গান ‘কই রইলা রে’। এই গানটি দিয়ে ২২ বছর পর একসঙ্গে গান করেছেন দুই শিল্পী।
‘কই রইলা রে’ গানটি বুধবার হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এই কাজে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী মুজা।
গানটি নিয়ে হাবিব বলেন, "প্রায় দুই দশক পর কায়ার সঙ্গে নতুন কাজ, ভালো লাগছে। গানটির রেকর্ডিং আগেই হলেও সংগীতায়োজনে বর্তমান সময়ের ধারা অনুসরণ করা হয়েছে।"
তিনি জানিয়েছেন, গানটি সিলেটের লোকশিল্পী সৈয়দ দুলালের লেখা ও সুরে তৈরি গানটি মূলত আধ্যাত্মিক ঘরানার। এটি রিমেক হলেও হাবিব ও মুজার অংশে নতুন কিছু কথা যুক্ত করা হয়েছে।
বালামের ‘মাওলা’
সংগীতশিল্পী বালামের ‘মাওলা’ অ্যালবামের প্রথম গান ‘মাওলা’ প্রকাশ পেয়েছে সোমবার। বালামের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।
‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’ এমন কথায় গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। গানের ভিডিও চিত্র করেছেন তানিম রহমান।
ছয় বছর আগে গানটি তৈরি হয়েছিল জানিয়ে বালাম বলেন, "কোভিড মহামারীর সময়ে আমাদের সবাইকে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, মাওলা ছাড়া আমাদের পরিত্রাণের কেউ নেই, এই সময়টাতে ব্যাপারটি বারেবারে মনে হয়েছে। তাই বারবার তার কাছেই সাহায্য চেয়েছি।
“সেসময় এক মধ্যরাতে ‘মাওলা’ গানের প্রথম দুই লাইন মাথায় আসে। এরপর তাতে সুর দেই, সুর করা হলে তা তিনি শেয়ার করেন গীতিকার রশিদ নিউটনের সঙ্গে। এরপর আস্তে আস্তে পুরো গানটি তৈরি হয়।"
নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’
দুই বছর পর ‘লোকে বলে’ শিরোনামের নতুন গান নিয়ে এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফোক-পপ ঘরানার এই গানে প্রথমবারের মত একসঙ্গে কাজ করেছেন নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী-সুরকার ফুয়াদ আল মুক্তাদির।
‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ।
গানটির ভিডিও নির্মাণ করেছেন ভারতের কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব। সম্প্রতি ঢাকার নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে ভিডিওটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
অবন্তী সিঁথির ‘প্রেম’
সংগীতশিল্পী অবন্তী সিঁথি ও তার স্বামী শিল্পী অমিত দের কণ্ঠে শোনা যাচ্ছে গান ‘প্রেম’। গানের কথা লিখেছেন শাহান কবন্ধ, সংগীতায়োজনে মীর মাসুম।
গানটি শোনা যাচ্ছে টি অ্যান্ড টি কনসালট্যান্সি লন্ডন ইউটিউব চ্যানেলে। গানের ভিডিওতে দেখা গেছে সিঁথি ও অমিতকে।
আসিফ-রুবাইয়াতের ‘রূপসী শ্রীমঙ্গল’
ঈদ ঘিরে প্রকাশ পেয়েছে আসিফ আকবর ও লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের গান ‘রূপসী শ্রীমঙ্গল’।
শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে তৈরি গানটি নিয়ে নির্মিত মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।
লন্ডনপ্রবাসী গীতিকবি কায়েস আজিজের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন পরিচালক রাজা কাশেফ। গানটির দৃশ্যধারণ করেছেন নির্মাতা সৈকত রেজা। মিউজিক্যাল ভিজ্যুয়ালে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। পাশাপাশি বিশেষ উপস্থিতিতে দেখা গেছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানকে।
ধ্রুব মিউজিকের ‘সোনা বন্ধের গায়’
ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘সোনা বন্ধের গায়’। গানটি গেয়েছেন তানজিল মিসবাহ।
গানটির কথা ও সুর করেছেন তানজিল মিসবাহ নিজেই। সংগীতায়োজন করেছেন শোভন রায়।
গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শোয়েব আখতার শান্ত ও অলংকার চৌধুরী। ভিডিওটি পরিচালনা করেছেন হাসান রনি।
‘সোনা বন্ধের গায়’ গানটিতে লোকজ আবহের সঙ্গে আধুনিক সংগীতের মিশেল তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে মিসবাহ।
আলতাফের ‘পেনসিল হিল’
ঈদে ‘পেনসিল হিল’ শিরোনামের এক গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আসিফ আলতাফ। গাওয়ার পাশাপাশি গানটি লিখেছেন ও সুরও করেছেন তিনি। এর মিউজিক ভিডিওতে দেখা গেছে মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে।
গানটি নিয়ে আসিফ আলতাফ বলেন, "'পেনসিল হিল' অনেক আগে লেখা ও সুর করা একটি গান। আশা করছি গানটি সবার ভালো লাগবে।"
গানটি বুধবার থেকে আসিফ আলতাফের ইউটিউব চ্যানেলে শোনা যাবে।
মাহতিম-কোনালের ‘প্রেমকাহিনী’
প্রকাশ্যে এসেছে মাহতিম শাকিব ও কোনাল জুটির গান ‘প্রেমকাহিনী’। গানটি লিখেছেন তানভীর আহমেদ, সুরও করেছেন তিনি।
কেএম মিউজিক ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। গানের ভিডিওতে মডেল হয়েছেন সাকিব সিদ্দিকী ও আরোহী মীম। পরিচালনা করেছেন আকরাম খান।
ঐশী ও ব্ল্যাক জ্যাংকের ‘নোয়াখাইল্লা মাইয়া’
সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী ও ব্ল্যাক জ্যাং নিয়ে এসেছেন গান ‘নোয়াখাইল্লা মাইয়া’। গানের কথা ও সুরও করেছেন এই দুই শিল্পী। মিউজিক প্রডাকশন করেছেন বিট বাবা। র্যাপে রয়েছেন ব্ল্যাক জ্যাং ও ঐশী। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।
ঈদ ঘিরে সোমবার থেকে ঐশীর ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।
লিজার ‘তোমার রোদেলা আকাশে’
কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা ও অনিকের কণ্ঠে শোনা যাচ্ছে নতুন গান ‘তোমার রোদেলা আকাশে’। ঈদ ঘিরে নির্মিত এই গানটির কথা লিখেছেন লালন লোহানী এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন নাজির মাহমুদ। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন
সাকিব সিদ্দিকী ও আরোহী মিম। ভিডিও পরিচালনা করেছেন রাজ বিশ্বাস সংকর।
রেজা করিমের ‘মনে যদি ঝড়’
নতুন গান নিয়ে আসছেন রেজা করিম। ‘মনে যদি ঝড়’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন শাহাদাত হোসেন নাদিম। যৌথভাবে সংগীতায়োজন করেছেন নাদিম ও জুয়েল মাহমুদ।
গানটি শোনা যাচ্ছে রেজা করিমের ইউটিউব চ্যানেলে।
মিলন-রোদেলার ‘কান পেতে শোন’
মোহাম্মদ মিলন ও মার্জিয়া বুশরা রোদেলার দ্বৈত গান ‘কান পেতে শোন’। এটি তাদের প্রথম দ্বৈত গান। মামুন আফনান রুমির লেখা গানটি সুর করেছেন মিলন। সংগীত আয়োজন করেছেন এম এম রনি।
বোরহানউদ্দিন মিরাজের নির্দেশনায় গানের ভিডিওতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন মালিহা মাশফিরাত মেধা। গানটি প্রকাশ পেয়েছে ওয়াই আর মিউজিক ইউটিউব চ্যানেলে।
অপু অপূর্বর 'যায়না তারে ভোলা'
প্রায় তিন বছর পর 'যায়না তারে ভোলা' শিরোনামের নতুন গান নিয়ে ফিরলেন সংগীতশিল্পী অপু অপূর্ব। ঈদ ঘিরে প্রকাশ হয়েছে গানটি। শোনা যাচ্ছে জি সিরিজ ইউটিউব চ্যানেলে।
গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন সুদীপ হাওড়ী এবং সঙ্গীতায়োজন করেছেন এস ডি সাগর। গানটিতে শ্রোতারা নতুনত্ব খুঁজে পাবেন বলে জানিয়েছেন অপু অপূর্ব।