১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সালমানের রাগ, পরিচালকের ভয়

সালমানকে নিয়ে নিখিলের উপলব্ধি হল, এই নায়ক একটি বাড়তি ‘চাপ’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2024, 11:09 AM

Updated : 26 Aug 2026, 10:14 AM

ভারতের হিন্দি সিনেমায় সালমান খানের উপস্থিতি মানে সেটি ‘হিট’ হওয়ার সম্ভাবনা অনেকখানি। কিন্তু কোনো কারণে ওই সিনেমা যদি সাফল্যের মুখ না দেখে তাহলে তিনি এতটাই চটে যান যে, সব রাগ উগরে দেন পরিচালকের ওপর।

‘কাল হো না হো’র পরিচালক নিখিল আডভানি সালমানকে নিয়ে ‘সালাম এ ইশক’সহ  বেশ কয়েকটি সিনেমা করেছেন। কাজের অভিজ্ঞতা থেকে সালমানকে নিয়ে নিখিলের উপলব্ধি হল, এই নায়ক একটি বাড়তি ‘চাপ’।  

ইন্ডিয়া টুডেকে এই পরিচালক বলেছেন, স্বাভাবিকভাবেই পরিচালকরা সুপারস্টারদের নিয়ে সিনেমা করতে আগ্রহী থাকেন। কিন্তু সালমানের সঙ্গে কাজ করতে গেলে সমস্যাও আছে।

“সিনেমার ব্যবসা ভালো না হলে সালমান রেগে যান। তাই তার সঙ্গে কাজ করতে হলে বাড়তি প্রত্যাশা পূরণ করতে হয় পরিচালককে।  ব্যবসা ৩০০ কোটির কম হলে তিনি খুবই দুঃখ পান, যা রাগের রূপ নেয়।”

নিখিলের ভাষ্য, “সালমানকে আমি অবশ্যই পছন্দ করি। কিন্তু আমি এই চাপ নিতে চাই না। আমি আমার মত করে সিনেমা করতে চাই।“

সালমানের সঙ্গে কাজ করতে না চাইলেও, এই অভিনেতা যে তার জীবনে গুরুত্বপূর্ণ, সে কথা স্পষ্ট করেছেন নিখিল। 

তিনি বলেন, “জানি, বিপদে একবার ফোন করলেই তিনি হাজির হবেন। কিন্তু আমি ওই তিনশো বা চারশো কোটির দায়িত্ব নিতে চাই না।” 

আগামী ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে নিখিলের পরবর্তী ছবি ‘বেদা’। এ সিনেমায়  রয়েছেন জন আব্রাহাম ও শর্বরী।