১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিরহের নীল রঙে ফিরল শিরোনামহীন, প্রকাশ্যে ‘এই অবেলায় ২’

বৃহস্পতিবার রাত থেকে শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।

বিরহের নীল রঙে ফিরল শিরোনামহীন, প্রকাশ্যে ‘এই অবেলায় ২’
ব্যান্ড শিরোনামহীন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 10:07 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

ব্যান্ডদল শিরোনামহীনের বহু প্রত্যাশিত গান 'এই অবেলায় ২' প্রকাশ্যে এসেছে। বাংলা ও ইংরেজি দুই ভাষায় এসেছে গানটি।  

বৃহস্পতিবার রাত থেকে শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে গানটি শোনা যাচ্ছে। পাশাপাশি প্রচার হচ্ছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, আইটিউনস, অ্যামাজন, স্বাধীন অ্যাপসহ দেশি-বিদেশি সব জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে।   

গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান জিয়া, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। গানটি শোনা যাচ্ছে শেখ ইশতিয়াকের কণ্ঠে।

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অভিনেত্রী নীল হুরেরজাহান। কিছু দৃশ্যে স্থিরচিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে।

এটি শিরোনামহীনের অষ্টম অ্যালবাম 'বাতিঘর' এর শেষ গান। গানটি প্রকাশ পাওয়া উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সেখানে গানটি নিয়ে ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়া বলেন, "আমি যখন স্কুল কলেজ পড়ুয়া ছিলাম তখন গান বের হত অ্যালবাম আকারে। একসঙ্গে অনেকগুলো গান শ্রোতাদের কাছে পৌঁছে যেত। 

“এখন সময় পরিবর্তন হয়ে একটি করে গান প্রকাশ করতে হয়। এই গানটি নিয়ে আমরা শ্রোতাদের বেশ আগ্রহ দেখেছি। আমাদের অষ্টম অ্যালবামের শেষ গান হিসেবে প্রচার হচ্ছে। 'এই অবেলায়' গানের চেয়ে এই গানটি আরও বেশি বিরহের। তাই আমরা গানের ভিডিও চিত্রে সমুদ্রের নীল রং বেছে নিয়েছি।"

গানটির ইংরেজি ভাষায় ‘রিমেম্বার মি’ নামে প্রচার হয়েছে। গানটির ইংরেজি কথার এই সংস্করণ করেছেন জিয়ার মেয়ে সারিকা রেশ রহমান। 

জিয়া বলেন, "গানটি যেন আন্তর্জাতিকভাবেও দর্শক শুনতে পারে তাই এটার ইংরেজি সংস্করণ করা হয়েছে। আশা করছি এই সংস্করণও দর্শকের ভালো লাগবে।"    

গানটি তৈরির পিছনের গল্প জানিয়ে সুরকার শাফিন বলেন, "এই গানের প্রতিটা চরণে বিষণ্নতা, একাকিত্ব আছে। সেটা ধরেই গানের সুর করা। ২০২৩ সালের দিকে আমি এমন একটা সুর তৈরি করি, সুর শুনেই জিয়া ভাই বলে উঠলেন 'এই অবেলায় ২' গান বের করা যেতে পারে। তারপর সুর শুনেই গানটি লিখে ফেলেন তিনি।"  

দর্শকের প্রত্যাশা পূরণ হবে-এমন আশা প্রকাশ করে শাফিন বলেন, "৩০ বছর ধরে শিরোনামহীন নতুন নতুন গান নিয়ে দর্শকদের সামনে এসেছে। এটি যেহেতু জনপ্রিয় গানের সিকুয়েল, তাই দর্শকদের প্রত্যাশা অনেক। 

“গানটি দর্শক কীভাবে নেয় সেটা দেখার অপেক্ষায়। এই গানটি করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা বেশ ভালো। ইন্সট্রুমেন্ট বহন করে থাইল্যান্ডে গিয়ে শুটিং করা অনেক কষ্টের। তবু যেন দর্শক গানটি শুনে সুন্দর একটা অনুভূতি পায়, সেই চেষ্টা আমাদের ছিল।" 

গানটি নিয়ে শেখ ইশতিয়াকের ভাষ্য, "শিরোনামহীন বর্তমানে ব্যান্ডের ইতিহাসে সবচেয়ে ব্যস্ত সময় পার করছে। এত লাইভ পারফর্ম্যান্স ও মিউজিক্যাল এনগেজমেন্ট এর আগে ঘটেনি। এই সফলতা আমাদের আরও নতুন কিছু তৈরি করতে অনুপ্রাণিত করছে।"

গিটারিস্ট সুদীপ্ত সিনহা বলেন, "বাতিঘর ছিল একটি আনপ্লাগড অ্যালবাম। সামনে আমরা আবার প্লাগড সাউন্ডে ফিরে গিয়ে এক্সপেরিমেন্টাল ও ইউনিক অ্যারেঞ্জমেন্টে মনোযোগ দেব।"  

সম্প্রতি কানাডা সফর শেষে দেশে ফেরার পর একাধিক লাইভ পারফর্ম্যান্স করছে শিরোনামহীন। একইসাথে 'বাতিঘর' অ্যালবামের বাইরেও নজরুল ইন্সটিটিউটের প্রজেক্টে 'কাণ্ডারি হুঁশিয়ার' এবং বিটিভির মৌলিক গানের প্রজেক্টে শহীদ মাহমুদ জঙ্গীর লেখায় ফোয়াদ নাসেরের সুরে 'এক ঝাক তরুণ' শিরোনামের গান রেকর্ড করেছে।

গেল অক্টোবরে প্রকাশ পেয়েছিল গান ‘ক্লান্ত কফিশপে’।  

এর আগে দলটি ‘বাতিঘর’ অ্যালবামের ‘বাতিঘর’, ‘প্রিয়তমা’, ‘জানে না কেউ’, 'কতদূর', 'মা'সহ বেশ কয়েকটি গান প্রকাশ করেছে। 

শিরোনামহীনের লাইনআপে আছেন জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু।

জিয়া জানিয়েছেন, বরাবরের মতই 'বাতিঘর' অ্যালবামটি আগামী বইমেলায় কিউআর কোড সংবলিত বই আকারে প্রকাশ করা হবে, যাতে শ্রোতারা গান শোনার পাশাপাশি লিরিক ও গানের পেছনের গল্প জানার অভিজ্ঞতা নিতে পারেন। 

এছাড়া দলটি আগামী বছর ইউএসএ ও ইউরোপ ট্যুরসহ তাদের 'নবম অ্যালবামের' কাজ শুরু করার পরিকল্পনা করেছে।