Published : 17 May 2026, 08:55 PM
বাংলা সিনেমা ও ওয়েব কনটেন্ট নিয়ে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’ চালুর ঘোষণা এসেছে।
২১ মে এর আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি।
বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, নতুন ও পুরনো মিলিয়ে প্রায় শতাধিক সিনেমা, সিরিজ ও ওয়েব ফিল্ম নিয়ে যাত্রা শুরু করবে ‘উৎসব’।
প্রেক্ষাগৃহে মুক্তির পর নতুন বাংলা সিনেমাগুলো দ্রুত ওটিটিতে আনার পরিকল্পনাও রয়েছে তাদের।
অভি বলেন, "বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য সহজে কনটেন্ট দেখার সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য। দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় অনেক দর্শক নতুন সিনেমা দেখার সুযোগ পান না। আবার বিদেশে থাকা বাংলা ভাষার দর্শকদের কাছেও নতুন সিনেমা সহজে পৌঁছায় না। সেই জায়গা থেকে আমরা কাজ করছি; আমাদের মাধ্যমে যেন সহজেই দর্শক কনটেন্টগুলো দেখতে পারেন।”
অভি বলেন, প্রাথমিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে প্ল্যাটফর্মটির সেবা পাওয়া যাবে।
তিনি বলেন, "প্রথমদিকে দর্শকরা সরাসরি উৎসবের ওয়েবসাইটে ভিজিট করে কনটেন্ট উপভোগ করতে পারবেন। পরবর্তীতে গুগল প্লে স্টোর থেকে ‘উৎসব’ অ্যাপ ডাউনলোড করে দেখতে পারবেন।
“কিছু দিনের মধ্যেই আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও সহজে পাওয়া যাবে আমাদের উৎসব প্ল্যাটফর্মের সেবা।"
এক যুগের বেশি সময় ধরে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক হিসেবে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন অভি। তিনি প্রযোজনা সংস্থা 'টাইগার মিডিয়া লিমিটেড' এবং 'দ্য অভি কথাচিত্রের' কর্ণধার।