Published : 05 Apr 2026, 06:16 PM
বাংলা বর্ষবরণ উপলক্ষে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত শোভাযাত্রার নাম পরিবর্তন করায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশ।
উদীচীর একাংশের সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে রোববার এক যৌথ বিবৃতিতে বলেন, “আমরা বর্তমান সরকার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি 'মঙ্গল শোভাযাত্রা' নামটি অবিলম্বে পুনর্বহাল করতে। একইসঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকারের প্রবণতা বন্ধ করতে হবে।"
পহেলা বৈশাখের শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে আয়োজন করা হবে বলে রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, "পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক, আমরা তার অবসান চাই।"
উদীচীর বিবৃতিতে বলা হয়, "আমরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় আবারও নতুন নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রা যা কেবল একটি নাম নয়, বরং আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাঙালির সার্বজনীন ঐক্যের এক শক্তিশালী প্রতীক। তাকে বারবার পরিবর্তনের এই প্রবণতা আমাদের সংস্কৃতির ওপর এক ধরনের অযাচিত ও অগ্রহণযোগ্য হস্তক্ষেপ।"
মঙ্গল শোভাযাত্রার ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বিবৃতে বলা হয়, "গত শতকের আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল প্রেক্ষাপটে যে শোভাযাত্রার সূচনা, তা সময়ের প্রবাহে 'মঙ্গল শোভাযাত্রা' হিসেবে দেশ-বিদেশে স্বীকৃতি লাভ করে। ২০১৬ সালে ইউনেস্কোর স্বীকৃতি এই আয়োজনকে অধিষ্ঠিত করে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদায়। সেই ঐতিহ্যের নাম পরিবর্তন কিংবা মুছে ফেলার চেষ্টা ইতিহাস, সংগ্রাম এবং সাংস্কৃতিক ধারাবাহিকতাকে অস্বীকার করার শামিল।
"আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, সংস্কৃতি কখনোই রাজনৈতিক সুবিধাবাদ, মতাদর্শিক চাপ কিংবা ধর্মীয় সংকীর্ণতার কাছে নতজানু হতে পারে না। 'মঙ্গল' শব্দটি এই শোভাযাত্রার অশুভের বিরুদ্ধে শুভের জয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক। এই শব্দটি অপসারণের অর্থ সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়া।”
উদীচী বলছে, "বাংলাদেশের সংস্কৃতি তার বহুত্ববাদ, সহনশীলতা এবং মুক্তচিন্তার জন্য বিশ্বে সমাদৃত। সেই চেতনাকে অক্ষুণ্ণ রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব।"
বিবৃতিতে বলা হয়, "ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির এই ধারাবাহিকতা রক্ষা করা শুধু সাংস্কৃতিক দায়িত্ব নয়, এটি আমাদের অস্তিত্ব ও পরিচয়ের প্রশ্ন।”
পুরনো খবর