১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পণ্ডিত চৌরাসিয়ার বাঁশির সুরে মাতবে সা রে গা মা পা

জুন মাসের ২ তারিখ থেকে শুরু হবে 'সা রে গা মা পা'।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:15 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

ভারতের পশ্চিমবঙ্গে গানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র শুরুটা বরাবরই হয় চমক দিয়ে। এবারেও তাই, বাঁশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির সুরে শুরু হবে আসর। 

হিন্দুস্তান টাইমস লিখেছে, এই শোয়ের প্রোমো প্রকাশ করেছে কলকাতার বেসরকারি টেলিভিশন চ্যানেল জি বাংলা কর্তৃপক্ষ। আর জি বাংলা বলছে, জুন মাসের ২ তারিখ থেকে শুরু হবে এই শো। 

প্রমোর ভিডিওতে দেখা গেছে চৌরাসিয়া বাঁশি বাজাচ্ছেন। 

এছাড়া এবারের আসরও সঞ্চালনা করবেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। বিচারক থাকবেন ৮ জন। তারা হলেন জাভেদ আলি, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, শান্তনু মৈত্র, কৌশিকি চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং অন্তরা মৈত্র। 

তবে এবার শোয়ে মেন্টর হিসাবে কেউ থাকবেন না।

গত ২৯ মার্চে থেকে ‘সা রে গা মা পা’র অডিশন শুরু হয় দার্জিলিংয়ে। এবার হতে চলেছে গ্র্যান্ড ওপেনিং। এই রিয়েলিটি শোয়ের ট্যাগলাইন 'ভালো গান, যোগ্য সম্মান।'

কলকাতার পাশাপাশি ঢাকার দর্শকদেরও কাছেও এ রিয়েলিটি শো জনপ্রিয়। এর আগে ২০১৯ সালে গানের রিয়েলিটি শোয়ের এই মঞ্চে দ্বিতীয় রানার আপ হন বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। প্রতিযোগিতায় সেবার বাংলাদেশ থেকে কণ্ঠশিল্পী অবন্তি সিঁথিও অংশ নিয়েছিলেন।