১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আসছে ‘ফারজি ২’, শাহিদ কাপুর পারিশ্রমিক কত পাচ্ছেন?

শুটিংয়ের জন্য এবার দেশের বাইরে যাবে ফারজি টিম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 07:48 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

তিন বছর আগে ওটিটিতে ঝড় তোলা ‘ফারজি’ সিরিজের দ্বিতীয় পর্ব আসছে।

ইন্ডিয়া টুডে লিখেছে, দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই শুরু হচ্ছে শাহিদ কাপুরের ‘ফারজি ২’ এর কাজ।

সমালোচকরা বলেছেন ‘চকোলেট বয়’ ভাবমূর্তি শাদিহ আগেই ভেঙেছেন। অভিনেতা হিসাবেও যে তিনি বহুমুখী, তা প্রমাণ করেন ‘ফারজি’ দিয়ে। প্রথম সিজনে বলিউডের এই অভিনেতা পেয়েছিলেন আকাশছোঁয়া পারিশ্রমিক ৩০ কোটি রুপি। 

দ্বিতীয় সিজনে তিনি কত পারিশ্রমিক পাবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

ভারতের সংবাদমধ্যমগুলো বলছে ২৭৫ কোটি রুপি বাজেটের দ্বিতীয় সিজনে শাহিদের পারিশ্রমিক অনেকটাই বেড়েছে। এবার ৪০ থেকে ৪৫ কোটি রুপি পাচ্ছেন তিনি।

শুটিংয়ের জন্য এবার দেশের বাইরে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও মরিশাসে যাবে ফারজি টিম। চলতি বছরের শেষের দিকে আগামী বছরের শুরুতে দ্বিতীয় সিজনটি মুক্তি পেতে পারে।

২০২৩ সালে ‘ফারজি’ দিয়েই ওটিটিতে অভিষেক হল শাহিদের। সিরিজটি দেখার পর অনেক সমালোচকই বলেছেন, তার চেয়ে ভালো চরিত্রটি আর কেউ করতে পারত না। সিরিজের গল্প এগোনোর সঙ্গে শহিদের চরিত্রের নানা দিক সামনে আসে।

‘ফরজি’ বেশ দীর্ঘ সিরিজ। প্রথম সিজনের প্রতি পর্বের দৈর্ঘ্য কমবেশি এক ঘণ্টা ছিল। প্রায় আট ঘণ্টার সিরিজ বানিয়ে দর্শক ধরে রাখা সহজ নয়। কিন্তু কঠিন কাজটি ভালোভাবেই করেছেন রাজ ও ডিকে। যারা ‘ফারজি’ দেখেছেন তারাই বলেছেন, শুরু করলে শেষ না করে ওঠা সম্ভব নয়।

দ্বিতীয় সিজন নিয়েও তাই দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।