১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফেইসবুকে আওয়ামী লীগ নিয়ে পোস্ট ‘আমার নয়’: রিচি

“আমি সবাইকে বলছি, আমি এই ধরনের কথা বলিনি। এটা ফেইক আইডি।”

ফেইসবুকে আওয়ামী লীগ নিয়ে পোস্ট ‘আমার নয়’: রিচি
অভিনেত্রী রিচি সোলায়মান

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 10:40 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে অভিনেত্রী রিচি সোলায়মানের নামে করা একটি ফেইসবুক পোস্ট ছড়িয়ে পড়ার পর ‘বিব্রত হয়েছেন’ অভিনেত্রী।   

অভিনেত্রী স্পষ্ট করে বলেছেন, ফেইসবুকের যে আইডি থেকে পোস্ট করা হয়েছে, সেটি ‘ভুয়া’। এসবের সঙ্গে তার ‘কোনো সম্পর্ক নেই’ মন্তব্য করে রিচি বলেছেন ভুয়া আইডি নিয়ে তিনি ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

সম্প্রতি রাজধানীর একটি কফিশপের উদ্বোধনী আয়োজনে হাজির হয়েছিলেন রিচি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি যে বিশৃঙ্খলার মধ্যে পড়লাম, অনেক মানুষ ফোন করছে। সবাই স্ট্যাটাসের জন্য জিজ্ঞেস করছে, তুমি কি এটা বলেছো? আমি সবাইকে বলছি, আমি এই ধরনের কথা বলিনি। আমার এটা ফেইক আইডি। আমার নিজের ফেইসবুকে তো সবসময় বাচ্চাদের ভিডিও, ছবি, আমার ব্যবসার ভিডিও এসব নিয়েই আমি থাকি।”

ফেইসবুকে ‘রিচি সোলায়মান’ আইডির সংখ্যা একাধিক। এ বিষয়ে সতর্ক করে অভিনেত্রী বলেন, “আমার একমাত্র আইডি হচ্ছে ‘রিতা ফারিয়া রিচি সোলায়মান’। এটা ছাড়া আমার আর কোনো আইডি নেই, কোনো পেইজ নেই। আমার নামে অনেক আইডি আছে এগুলো থেকে সতর্ক থাকতে হবে।”  

তার নামে খোলা ভুয়া আইডি নিয়ে রিচি বলেন, “আমার নাম ব্যবহার করে যারা আইডি খুলছে, কী উদ্দেশ্যে খুলছে, কেন খুলছে জানি না। আমি কখনো রাজনৈতিক কথাবার্তা বলি না। অনলাইন ভিউ, ফলোয়ার বাড়ানো এসব আমি বুঝি না।”

‘ভুয়া আইডি’ থেকে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে পোস্টের বিষয়ে রিচি বলেন, “যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে এটা খুবই স্পর্শকাতর। আমি থানায় গিয়ে এই ফেইক অ্যাকাউন্ট নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জিডি করেছি।”   

তার ফেইসবুকসহ সোশাল মিডিয়ার কনটেন্ট যাচাই করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফেইসবুকে আমরা যা দেখব সেটাই বিশ্বাস করে ফেলব না। যাচাই ছাড়া নিউজ দিলে মানুষ আরও বিভ্রান্ত হয়। তাই সবাইকে বলবো আমাদের নৈতিকতার জায়গাটা আরও ঠিক করি।” 

‘ভুয়া আইডির পোস্টের’ পর গত ১২ নভেম্বর অভিনেত্রী একটি পোস্টে লিখেছিলেন, “দেশপ্রেম এবং রাজনৈতিক সচেতনতা দুটোই আমার আছে। কিন্তু যেহেতু রাজনীতি আমার পেশা নয়, তাই কখনোই কোনো রাজনৈতিক পোস্ট দেই না। সোশাল মিডিয়ায় বিভিন্ন তথাকথিত অক্ষত পত্রিকা আমার ছবি-নাম ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রচার করছে, এসব আমার নয়, এবং আমি তীব্র নিন্দা জানাই।”

এদিকে প্রায় আড়াই দশকের অভিনয়জীবনে প্রথমবারের মত বড় পর্দায় অভিনয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রিচি। পরিচালক রাজীব সালেহীনের পরিচালনায় একটি সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। যে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই।

গেল বছরের শেষের দিকে ঢাকার উত্তরায় রিচি সোলায়মান চালু করেছেন একটি বিউটি স্যালুন। উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন এই অভিনেত্রী।

মাঝে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সম্প্রতি নাটক, বিজ্ঞাপন বা গানের মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। চলতি বছরের জুনে বাবা দিবসকে ঘিরে এক বিশেষ গানচিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, মডেল ও নাট্য প্রযোজক হিসেবেও কাজ করেছেন রিচি।