১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘বউ প্যারা দেয়’: মোশাররফ-নীলার ঈদের নাটক

পুবাইলে শেষ হয়েছে নাটকের দৃশ্য ধারণ।

‘বউ প্যারা দেয়’: মোশাররফ-নীলার ঈদের নাটক
‘বউ প্যারা দেয়’ নাটকের দৃশ্য। ছবি: পরিচালকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 09:33 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

স্বামী-স্ত্রীর সম্পর্কের অম্ল-মধুর ও মজার ঘটনা নিয়ে পরিচালক সাইফ আহমেদ ‘বউ প্যারা দেয়’ শিরোনামের নাটক বানাচ্ছেন ঈদের জন্য। 

এই নাটকে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। সম্প্রতি গাজীপুরের পুবাইলে শেষ হয়েছে নাটকের দৃশ্য ধারণ।  

নির্মাতা সাইফ জানিয়েছেন, কমেডি ঘরানার নাটকটি তৈরি হয়েছে আগামী ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের জন্য।

গল্প নিয়ে নির্মাতা বলেন, "এক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। সংসারজীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। হাস্যরসের মধ্য দিয়ে সেসব ঘটনা তুলে ধরেছি এতে। যে কথাটা বলতে চেয়েছি; মানুষের জীবনটা সুখে-দুঃখে গড়া, সেই জীবনে সুখী হতে হলে প্রয়োজন পারস্পরিক আস্থা আর ভালোবাসা।"

‘বউ প্যারা দেয়’ নাটক নিয়ে মোশাররফ করিম বলেন, "স্বামী-স্ত্রীর সম্পর্কের অম্ল-মধুর নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে নাটকটি। হাস্যরসে ভরা নাটকটিতে সুন্দর একটা বার্তা পাবেন দর্শক।"

‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

সহশিল্পী হিসেবে নীলাকে নিয়ে মোশাররফ বলেন, "নীলার সঙ্গে আমি আগেও কাজ করেছি। মন দিয়ে, অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করে নীলা। অভিনয়ে মনোযোগী থাকলে ভবিষ্যতে আরও ভালো করবে সে। তার মাঝে সেই সম্ভাবনা দেখেছি।"

নীলাঞ্জনা নীলা বলেন, "মোশাররফ করিম ভাই বড় মাপের অভিনেতা। প্রতিটি দৃশ্যে তার স্বভাবসুলভ অভিনয় মুগ্ধ করে আমাকে। আমাদের দুজনের অভিনীত বেশ কয়েকটি নাটক জনপ্রিয়তাও পেয়েছে। সহশিল্পী হিসেবে তিনি আমাকে সব সময়ই সহযোগিতা করেছেন। অভিনয়শিল্পী হিসেবে আমাদের পারস্পরিক বোঝাপড়াটা এখন বেশ ভালো। এই নাটক তাই আগের চেয়েও ভালো হয়েছে। আশা করছি প্রচার হলে সবার ভালো লাগবে।"  

'বউ প্যারা দেয়' নাটকে আরও অভিনয় করেছেন জয়রাজ, সান্ত্বনা, সাজ্জাদ সাজুসহ অনেকে।