Published : 14 Nov 2025, 09:22 PM
ফুয়াদ আল মুক্তাদির সুরে নতুন একটি গান এনেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গানের নাম ‘ভিতর ও বাহিরে’।
গানটি কনার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। গানের কথা লিখেছেন আবদার রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। মিউজিক ভিডিও নির্মাণ করেছে কাইনেটিক টিম।
গানটি নিয়ে কনা গ্লিটজকে বলেন, “এটি আমার ভীষণ পছন্দের একটি গান। অনেক দিন আগে রেকর্ড করা হলেও গানটি প্রকাশ করা হয়নি। শুরু থেকেই চাইছিলাম, গানের সঙ্গে মিল রেখে চমকপ্রদ একটি মিউজিক ভিডিও নির্মাণ করে গানটি প্রকাশ করতে। এ কারণে মিউজিক ভিডিওর জন্য গান প্রকাশে কিছুটা সময় নেওয়া।"
ফুয়াদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে কনা বলেন, “ক্যারিয়ারের শুরু থেকে ফুয়াদের সঙ্গে কাজ করে যাচ্ছি। তার সুর ও সংগীতায়োজনে অ্যালবাম থেকে শুরু করে একক গান, প্লেব্যাক এমনকি বিজ্ঞাপনের জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছি। নতুন কিছু তৈরিতে আমাদের বোঝাপড়াও দারুণ।”
গানটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছেন এই সংগীতশিল্পী।
“আমরা পরিকল্পনামাফিক একটি মিউজিক ভিডিও তৈরি করতে পেরেছি। কথা, সুর, সংগীত, গায়কি, ভিডিও নির্মাণ সব মিলিয়ে এ আয়োজন দর্শক-শ্রোতার ভালো লাগবে বলেই আশা করছি।"
কনা জানিয়েছেন, আরও কয়েকটি নতুন গান তৈরি করছেন তিনি। একে একে প্রকাশ করবেন সেগুলোও। শুধু তাই নয়, গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন কনসার্টেও অংশ নিচ্ছেন তিনি।
এছাড়াও সিনেমা, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে সব মাধ্যমেই গান নিয়ে ব্যস্ত সময় পার করেছেন এই সংগীতশিল্পী।