০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় বিয়েও ভাঙল র‍্যাপার বাদশার

বাদশা ও ইশা লিখেছেন, "আমরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার এবং নিজ নিজ পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

দ্বিতীয় বিয়েও ভাঙল র‍্যাপার বাদশার
ইশা রিখির সঙ্গে বিয়ের ছবিতে র‍্যাপার বাদশা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 11:16 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

বিয়ের পাঁচ মাস না পেরোতেই দ্বিতীয় স্ত্রী পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে বিচ্ছেদ হয়েছে ভারতীয় র‍্যাপার শিল্পী বাদশার। 

কিছুদিন ধরে সম্পর্কের টানাপোড়েন নিয়ে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে সোশাল মিডিয়ায় এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাদশা ও ইশা।   

সংবাদ প্রতিদিন লিখেছে, গত ৩১ অগাস্ট এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারা। 

বিবৃতিতে বাদশা ও ইশা লিখেছেন, “আমরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার এবং নিজ নিজ পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"      

ভক্ত ও সংবাদমাধ্যমের কাছে ব্যক্তিগত গোপনীয়তার বজায় রাখার অনুরোধ জানিয়ে বিবৃতিতে তারা আরও লিখেছেন, "আমাদের এই সময়টিতে সবার কাছে অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানান। বিচ্ছেদ প্রসঙ্গে এটাই আমাদের একমাত্র বক্তব্য। এই সম্পর্ক নিয়ে আর কোনো ধরনের জল্পনা না করার জন্য অনুরোধ করছি।"  

চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে বিয়ে করেছিলেন বাদশা ও ইশা রিখি। প্রথম দিকে বিয়ের কথা গোপন রেখেছিলেন দুজনেই।

পরে তাদের সুখী দাম্পত্যের নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় উঠে আসলেও গত জুলাই মাস থেকে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন ছড়াতে শুরু করে। 

সম্প্রতি ইশার কিছু পোস্ট সেই গুঞ্জনকে আরও জোরালো করে তোলে, যা শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বিচ্ছেদে রূপ নিল।

ইশার সঙ্গে বিয়ে ছিল বাদশাহর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। তাদের একটি মেয়ে রয়েছে, জেসেমি গ্রেস মাসিহ সিং। ২০১৭ সালে জন্ম হয় তার।

বাদশাহ ও জেসমিনের বৈবাহিক সম্পর্ক শেষ হয় ২০২০ সালে। এরপর বেশ কিছু বছর ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলেননি বাদশাহ। গান নিয়েই ছিলেন আলোচনায়।

পরে ইশার সঙ্গে তার সম্পর্ক এবং বিয়ের খবর সামনে আসে।