Published : 30 Apr 2026, 08:05 PM
মে দিবস ঘিরে দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে নাট্যদল 'আরণ্যক'।
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উন্মুক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে এই আয়োজন; শেষ হবে শিল্পকলা একাডেমিতে নাটক প্রদর্শনের মধ্য দিয়ে।
‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ম হাতিয়ার’ এই ভাবনাকে সামনে রেখে ৫৪ বছর ধরে আরণ্যক তাদের নাট্যযাত্রা অব্যাহত রেখেছে।
প্রতি বছরই মে দিবস ঘিরে আয়োজন করে থাকে নাট্যদলটি। বিজ্ঞপ্তিতে আরণ্যক জানিয়েছে, এবার দুইটি পর্বে আয়োজন সাজিয়েছে তারা।
দিনের প্রথম ভাগ শুরু হবে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। এই পর্বে মে দিবসের গান, আবৃত্তি এবং ভাবনগর সাধুসঙ্গের বাউল গানের পাশাপাশি থাকছে আলোচনা সভা।
সেখানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম।

এছাড়াও এই পর্বে প্রদর্শিত হবে নাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’। নাটকটি নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা।
উৎসবের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। সেখানে মে দিবসের গানের পর আরণ্যক নাট্যদলের প্রযোজনা ‘রাঢ়াঙ’ প্রদর্শিত হবে।
মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত এই নাটকটি দর্শকরা দর্শনীর বিনিময়ে দেখতে পারবেন।
এই আয়োজনকে কেন্দ্র করে প্রতিবছর 'মে দিবসের কাগজ' শীর্ষক একটি পত্রিকা প্রকাশ হয়। এবারেও তার ব্যতিক্রম হবে না।
স্বাধীনতাত্তোর নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা রেখে আসছে আরণ্যক নাট্যদল। দীর্ঘ যাত্রায় আরণ্যক কেবল নগরকেন্দ্রিক নাট্যচর্চার মধ্যেই নয়, সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন ছুটে গিয়েছে নাটক নিয়ে, তেমনি দেশের প্রতিনিধিত্ব করে বিদেশেও নাটকের প্রদর্শনী হয়েছে।
১৯৬২ সাল থেকে বিগত ৪৪ বছর ধরে নিয়মিতভাবে মে দিবস উদযাপন করে আসছে আরণ্যক। কোনো নাট্যদল হিসেবে আরণ্যকই প্রথম এ উদ্যোগ গ্রহণ করে।