১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ময়ূরাক্ষী’র এক ঝলক!

প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি।

‘ময়ূরাক্ষী’র এক ঝলক!
‘ময়ূরাক্ষী’ সিনেমার টিজারের এক দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 06:30 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

আসন্ন ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে নির্মাতা রাশিদ পলাশের সিনেমা ‘ময়ূরাক্ষী’, যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ।  

মুক্তি সামনে রেখে এখন প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও শিল্পীরা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার। এবার ৩০ সেকেন্ডের টিজার প্রকাশ করে গল্পের এক ঝলক জানান দিয়েছেন নির্মাতা। 

টিজারে দেখা যায়, ছিনতাইকারীর কবলে পড়েছে একটি বিমান, সাহায্য চাইছেন পাইলট। গণমাধ্যমে মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে। দেশজুড়ে উত্তেজনা। টিজারের শেষে লেখা দেখা যায়– 'বেঈমান পাখির গল্প' । 

টিজার প্রচারের পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানান নির্মাতা রাশিদ পলাশ। তিনি গ্লিটজকে বলেন, "ঈদ উপলক্ষে ‘ময়ূরাক্ষী’ মুক্তি পাবে। পোস্টার দিয়ে প্রচার শুরু করেছি। আমাদের সিনেমাটা কেমন হবে, এর গল্প কী- এসবের কিছুটা ঝলক দর্শককে দেখাতে চেয়েছি টিজারের মাধ্যমে। এরপর আমরা একটা গান প্রকাশ করব আগামী সপ্তাহে, গানের পর ট্রেইলার। একের পর এক চমক আসবে। আমরা প্রচারের মাঠে থাকব। দর্শক টিজারের প্রশংসা করছে, বেশ সাড়া পাচ্ছি।"  

সিনেমার গল্প নিয়ে নির্মাতা বলেন, "প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। বিমান ছিনতাইয়ের ঘটনা আছে। রোমান্টিক ঘরানার থ্রিলার সিনেমা এটি। আমি এই প্রথম প্রেমের ছবি বানিয়েছি। আমি সবসময় ইতিহাসভিত্তিক সিনেমা নির্মাণ করেছি, এবার যেহেতু আমার ঘরানার বাইরে রোমান্টিক সিনেমা নির্মাণ করেছি, নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেছি। তাই সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শক দেখে জানাবে।”

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী। আইটেম গানে দেখা যাবে চিত্রনায়িকা আলিশা প্রধানকে।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি। আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।