Published : 06 May 2026, 05:53 PM
গেল দেড় দশকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আর গায়ক কবীর সুমনের নাম একসঙ্গে অনেকবার উচ্চারিত হয়েছে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়ে জয়ী হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় এই গায়ক। এরপর বিভিন্ন বিষয়ে মতভেদের জেরে ২০১৪ সালে তিনি তৃণমূল ছেড়েও দেন।
এবার বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর সুমন বললেন ‘আমি তো তৃণমূলপন্থি নই!’
গত মার্চ মাসে ধর্মতলার ধরনা মঞ্চে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এসআইআরের বিরুদ্ধে সরব হয়েছিলেন সুমন। তবে ফলাফলের পর তার অবস্থান দলটির বিপক্ষে ১৮০ ড্রিগ্রি ঘুরে গেছে বলে লিখেছে কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’।
সাক্ষাৎকারে সুমন বলেন, “আমি তো তৃণমূলের সদস্য নই, আমি তৃণমূলপন্থিও নই। আমায় মমতা প্রায় হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিলেন। তাঁর আগে আমি কোনও পার্টির সদস্যও ছিলাম না। আমার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়া মাত্রই আমি পদত্যাগ করি।”
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার বিজেপির গেরুয়া সুনামিতে ভেসে গেছে তৃণমূল কংগ্রেসের নীল দুর্গ। টানা ১৫ বছর ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে ইতিহাস গড়েছে বিজেপি।
২৯৩ আসনের মধ্যে ২০৭টি আসন জিতে নিয়ে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি; আর মাত্র ৮০টি আসনে জিতে ভরাডুবির মুখে পড়তে হয়েছে তৃণমূল সংগ্রেসকে।

এই ফলাফল নিয়েও সুমন তার মতামত তুলে ধরেছেন।
তার কথায়, “যেভাবে ভোটটা হল, হঠাৎ সামরিক বাহিনী ঢুকল। ভাবতে পারিনি যে, ট্যাঙ্ক ঢুকবে। তবে জনাদেশ কেন মমতার বিপক্ষে গেল, সেটা বলতে পারব না। কিন্তু আমি মনে করি, একাধিক ভুল হয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেয়নি। যেমন চাকরি। চাকরির ক্ষেত্রটা ভয়ংকরভাবে মার খেয়েছে। মানুষ সেটা ভালো চোখে নেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী হিসেবে সব কাজ ঠিক করেছেন? উত্তর না। তিনি পারেননি।”
সুমন জানিয়েছেন তিনি নিজেও তৃণমূলের কাজে সন্তুষ্ট ছিলেন না। তবে মমতার মেয়াদে একেবারেই যে কোনো ভালো কাজ হয়নি, সে কথা মানতে নারাজ তিনি।
“আমি এবারও তৃণমূলকে ভোট দিয়েছি ঠিকই, কিন্তু আমি তৃণমূলের কাজে খুশি হতে পারিনি। দলের বহু কথা ও আচরণে মানুষ ধাক্কা খেয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো কাজও করেছেন। যেমন সবুজসাথী। বাচ্চারা সাইকেল পেয়েছে। এটা কতবড় কাজ। এসব কাজের পর হয়তো একদিন মমতার একটা মন্দির হবে।”
পাশাপাশি রাজ্যে নতুন সরকারকে স্বাগত জানিয়ে কবীর সুমন বলেন, “সিপিএম বা তৃণমূল আমলে মেয়েদের নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত ছিল। আমি আশা করব, নতুন সরকার যেন সেই ধারা বজায় রাখেন। এখনও ভোট হলে আমি তৃণমূলকেই দেব। তবে সেরকম কোনও কমিউনিস্ট পার্টি এলে আমি এই বুড়ো বয়সেও তাদের সদস্য হওয়ার চেষ্টা করব। আমি তাদের জন্য গান বাঁধব। তাদের পাশে থাকব।”