Published : 21 Apr 2026, 11:55 PM
সংরক্ষিত নারী আসনে বিনোদন জগতের তারকাদের মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ দিয়ে সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বিএনপিকে ‘লাল সালাম’ জানিয়েছেন।
মঙ্গলবার ফেইসবুকে এক পোস্টে তিনি লেখেন, “গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে অভিনয় জগতের চেয়ে সংগীতাঙ্গনের তারকারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন বেশি। তবে শেষ পর্যন্ত কেউই দলের টিকেট পাননি।
একইভাবে সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সংগীতশিল্পী দিলরুবা খান (জয়পুরহাট), বেবী নাজনীন (নীলফামারী), কনকচাঁপা (সিরাজগঞ্জ), রিজিয়া পারভীন (কিশোরগঞ্জ), দিঠি আনোয়ার (সিলেট অথবা কুমিল্লা), নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী (ময়মনসিংহ), অভিনেত্রী রুকাইয়া জাহান চমক (কুষ্টিয়া)।
এছাড়া আলোচনায় ছিল অভিনেত্রী রিনা খান ও মডেল মেঘনা আলমের নাম।
তবে সোমবার প্রকাশিত বিএনপি মনোনীতদের চূড়ান্ত তালিকায় তাদের কাউকে রাখা হয়নি।
ন্যান্সির এই পোস্টের পর সেখানে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন।
পাপিয়া ফারজানা নামের একজন লিখেছেন, “এজন্যই আপনাকে এত পছন্দ করি।”
রহিম আব্দুর নামের একজন লিখেছেন, "সব গায়িকা, নায়িকা, মডেল, শিল্পী শো পিস নাকি?" মন্তব্যের উত্তরে ন্যান্সি লিখেছেন, "নিশ্চই না তবে রাজনীতির দীর্ঘ পথ পাড়ি না দিলে তারা রাজনীতিবিদ ও নন।"
গত ১০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। প্রায় ১ হাজার ৩০০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।