১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর জি কর কাণ্ড: ‘বদলা’র হুমকি, লাভলিকে সতর্ক করল দল

“মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কীভাবে নামাতে হয়, আমরা খুব ভালোভাবে জানি।"

আর জি কর কাণ্ড: ‘বদলা’র হুমকি, লাভলিকে সতর্ক করল দল
কলকাতার অভিনেত্রী লাভলি মৈত্র

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 09:22 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

কলকাতার আর জি কর হাসপাতাল কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে চলা বিক্ষোভের মধ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের ‘বদলা’ নেওয়ার হুমকি দিয়েছিলেন অভিনেত্রী ও বিধায়ক লাভলি মৈত্র। অভিনেত্রীর সেই মন্তব্যের জন্য তাকে সতর্ক করেছেন তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা।

আনন্দবাজার লিখেছে, কলকাতার সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে বিরোধীদের উদ্দেশে ‘বদলা নেওয়ার’ হুঁশিয়ারি দেন। 

অভিনেত্রী বলেছিলেন, "বদল তো ২০১১ সালে হয়েছিল, ২০২৪ সালে বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কীভাবে নামাতে হয়, আমরা খুব ভালভাবে জানি।"

লাভলি তার বক্তব্যে প্রশ্ন রেখে বলেন, "সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়াচ্ছেন কীভাবে? কারণ, বদলা হয়নি।"  

এই বক্তব্যের জেরে অভিনেত্রীর বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সায়ন। 

মুখ্যমন্ত্রীর পরামর্শেই জনপ্রতিনিধিরা এই ধরনের মন্তব্য করছেন কি না, সেই প্রশ্নও তোলেন বিজেপি এবং সিপিএমের নেতারা।

বিধায়ক লাভলির কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে গত কয়েক মাস ধরেই দলের শীর্ষ নেতৃত্বকে অভিযোগ জানাচ্ছিলেন সোনারপুরের তৃণমূল কর্মীরা। 

এবার এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকতে নিজের দল থেকেই লাভলিকে সতর্ক হতে বলা হয়েছে।

স্টার জলসার দীর্ঘ ধারাবাহিক 'জল নূপুর' দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন লাভলি। তারপর করেছেন মোহর নামের আরেক ধারাবাহিক নাটক। ইদানিং অভিনয়ে সেভাবে পাওয়া যাচ্ছে না এই অভিনেত্রীকে।