Published : 12 Sep 2024, 08:19 PM
আবারও মঞ্চে আসছে অপেরা প্রযোজিত নাটক 'ক্লোজেট ল্যান্ড'। রাষ্ট্রক্ষমতার অপব্যবহার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, শিশু নির্যাতনসহ সুশীল সমাজের নিস্ক্রিয় অবস্থানের মত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে গড়ে উঠেছে এ নাটকের পটভূমি।
শনি ও রবিবার টানা দুই সন্ধ্যায় ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে এ নাটকে নবম ও দশম প্রদর্শনী হবে। এটি অপেরা নাটকের দলের পঞ্চদশ প্রযোজনা।
রাধা ভরদ্বাজের লেখা ইংরেজি নাটক 'ক্লোজেট ল্যান্ড' বাংলায় অনুবাদ করেছেন নাহিদ স্মৃতি। দুই চরিত্রে অভিনয় করছেন নাহিদ স্মৃতি ও সাজ্জাদ সাব্বির। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সাজ্জাদ সাব্বিরের নির্দেশনায় ঢাকার মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।
নাহিদ স্মৃতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাট্যকারের অনুমতি নিয়ে এবং রয়্যালটি দিয়েই আমরা বাংলাদেশের মঞ্চে নাটকটি দর্শকের সামনে এনেছি।
"নাটকে একজন শিশুসাহিত্যিক ছোট্ট শীতল কক্ষে মুখোমুখি হন নাম না জানা এক জিজ্ঞাসাবাদকারী অফিসারের। শুরু হয় এক বাঘবন্দি খেলা। জিজ্ঞাসাবাদকারী অফিসার আর বন্দি সাহিত্যিকের কথোপকথন যত গভীরে যেতে থাকে ততই এমন সব গোপনীয় বিষয় উন্মোচিত হতে থাকে যা আরো গভীরতর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়।"
নাটকটি নির্দেশনার পাশাপাশি মঞ্চ, আলো ও পোশাক পরিকল্পনা করেছেন সাজ্জাদ সাব্বির। আলোক প্রক্ষেপনে আছেন নাফিদ মোমেন মনি, ইফতেখার রেজা শিখর, সৌরভ পাল।
আবহ সংগীত পরিকল্পনা, সংগ্রহ ও সম্পাদনা করেছেন নাহিদ স্মৃতি। আবহ সংগীত নিয়ন্ত্রণে আছেন নীরব হোসেইন রাব্বি। দ্রব্য সামগ্রী পরিকল্পনায় ফারহানা আবিদা জামান অমৃতা ও নিসান সিয়াম।
মঞ্চ ব্যবস্থাপনায় কাজী জোবাইদা, তাসিন ইসলাম, তাহমিদ মির্জা খান, মোস্তাকিম ইসলাম সুইট, নীরব হোসেইন রাব্বি। পোস্টার ও প্রকাশনায় নাহিদ স্মৃতি ও রাশেদ আবিদ।
টিকিট ব্যবস্থাপনায় শাহনাজ পারভীন শিখা, জেরিন সেতু। মিলনায়তন ব্যবস্থাপনায় তুষার তুষকি, হিলাল শাহ, তন্বী মাহি, মানিক মোল্লা, নাহার শিল্পী, রবিন মৃধা, মিসকাতুল মুনিয়া, আব্দুর রহমান, রাজিন আলমগীর, রোকসানা বিনয়া, পলাশ জামান। প্রযোজনা অধিকর্তা মাহাবুব আলম শাহীন।
নাটক প্রসঙ্গে নির্দেশক সাজ্জাদ সাব্বির বলেন, "অনেক দিন থেকেই অদ্ভুত এক নীরবতার সময় পার করছি আমরা। যেন সবাই ভয়ে নিশ্চুপ হয়ে আছি। ভয় অজানার, ভয় নতুনের, ভয় অপমানের, ভয় সুবিধা হারানোর।
"রাধা ভরদ্বাজ তার 'ক্লোজেট ল্যান্ড' নাটকে নাটকের চরিত্রকে এমনই এক ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে ভয়ের বিরুদ্ধে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করছেন। নিজের আত্মপ্রহরতাকে (সেল্ফ সেন্সরশীপ) প্রশ্ন করার জন্য এই নাটকটি বেছে নেওয়াকে আমার কাছে যথোপযুক্ত মনে হয়েছে। যেখানে নাট্যকার ভীতি প্রদানকারীদের কদর্য মুখাবয়ব দ্ব্যর্থহীনভাবে তুলে এনেছেন, শিল্পের শর্ত ক্ষুণ্ন না করেই।"
অপেরার দলপ্রধান মাহাবুব আলম শাহীন বলেন, "নাটকটি মঞ্চস্থ করার কথা আমরা কয়েক বছর ধরেই ভাবছিলাম। নাট্যকারের অনুমতি ও রয়্যালটি সংক্রান্ত প্রক্রিয়ায় কিছুটা দেরি হয়ে গেলেও গত বছরের ডিসেম্বরে আমরা ক্লোজেট ল্যান্ড নাটকটি মঞ্চে আনতে সক্ষম হই। প্রথম মঞ্চায়নের পর থেকেই একটি 'সাহসী' প্রযোজনা হিসেবে আখ্যায়িত হয়ে নাটকটি দর্শকমহলে প্রশংসা অর্জন করে। এরমধ্যে আমরা ক্লোজেট ল্যান্ডের আটটি মঞ্চায়ন সম্পন্ন করেছি।"
নাটকের টিকিট পাওয়া যাবে প্রদর্শনীর দিন বিকাল ৪টা থেকে মহিলা সমিতির টিকিট কাউন্টারে।
অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে ০১৭৫৯১১০৯৮৯ এই ফোন নম্বরে। টিকেট মূল্য ৩০০, ৫০০ ও ১০০০ টাকা। তবে ছাত্র-ছাত্রীদের জন্য যে কোন মূল্যের টিকিটে থাকছে ১০০ টাকা ছাড়।
এ নাটকটি শিশুদের জন্য অনুপযুক্ত বলে জানানো হয়েছে।